নিজস্ব প্রতিবেদক : দেশে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় রোগটির প্রকৃত চিত্র জানতে পূর্ণাঙ্গ জাতীয় জরিপ ও কার্যকর স্ক্রিনিং কর্মসূচি চালুর ওপর গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। একই সঙ্গে উপজেলা পর্যায়ের অসংক্রামক ব্যাধি (এনসিডি) কর্নার শক্তিশালী করতে ওষুধের বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ থেকে ৫ হাজার কোটি টাকা করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ধারা নিউজ আয়োজিত ‘ধারা-ফিটব্যাক রিসেট গোলটেবিল: ডায়াবেটিস মোকাবিলায় আমরা কতটা প্রস্তুত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে প্রায় ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। কার্যকর উদ্যোগ না নিলে ২০৫০ সালের মধ্যে এ সংখ্যা বেড়ে প্রায় ২ কোটি ৬১ লাখে পৌঁছাতে পারে। উদ্বেগের বিষয়, আক্রান্তদের প্রায় ৪০ শতাংশই জানেন না যে তাঁদের ডায়াবেটিস রয়েছে। এ ছাড়া মাত্র ২০ শতাংশ রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে। বাকি ৮০ শতাংশের ডায়াবেটিস নিয়ন্ত্রণের বাইরে।
তিনি বলেন, দেশে প্রতি বছর ডায়াবেটিসের কারণে প্রায় ৩১ হাজার মানুষ অকালে মারা যান। ২০ থেকে ৭৯ বছর বয়সীদের মোট মৃত্যুর প্রায় ৫ শতাংশের সঙ্গে এ রোগ জড়িত। অথচ ডায়াবেটিসের প্রকৃত পরিস্থিতি এবং এর কারণে সৃষ্ট অন্ধত্ব, কিডনি ও স্নায়ুর জটিলতা নিয়ে দেশে এখনো সুনির্দিষ্ট জাতীয় জরিপ নেই।
প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করে একটি পূর্ণাঙ্গ জাতীয় জরিপ পরিচালনা করতে হবে। সঠিক তথ্য-উপাত্ত পাওয়া গেলে রোগ প্রতিরোধ, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পরিকল্পনা প্রণয়ন সহজ হবে।
সরকারের স্বাস্থ্য খাতের পরিকল্পনা তুলে ধরে ড. এম এ মুহিত বলেন, চিকিৎসাকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থা থেকে বেরিয়ে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষাকেন্দ্রিক ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে খাদ্য ও কৃষি, শিল্প, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা মন্ত্রণালয়কে যুক্ত করে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, শিশুদের পাঠ্যক্রম ও সহশিক্ষা কার্যক্রমে ছোটবেলা থেকেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তুলতে হবে। পরিচ্ছন্নতা, খেলাধুলা ও সুস্থ জীবনযাপনে উৎসাহিত করা গেলে ভবিষ্যৎ প্রজন্মকে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগ থেকে সুরক্ষা দেওয়া সম্ভব।
আগামী কর্মপরিকল্পনা তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, দেশের ২০ থেকে ২৫টি নির্বাচিত উপজেলায় সমন্বিত পাইলট প্রকল্প শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আওতায় এনসিডি কর্নার শক্তিশালী করার পাশাপাশি কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা, কাউন্সেলিং, প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষায়িত স্বাস্থ্যসেবা এবং নারীস্বাস্থ্যের ওপর গুরুত্ব দেওয়া হবে।
এ ছাড়া দেশের অন্তত চারটি বিভাগীয় শহরে নারীদের ক্যানসার, ডায়াবেটিস ও কিডনি রোগের সমন্বিত চিকিৎসার জন্য বিশেষায়িত ‘উইমেনস হেলথ ইনস্টিটিউট’ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
ধারা নিউজের সম্পাদক খায়রুল বাশার শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. খালেদা ইসলাম, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. আব্দুল হামিদ, ডা. শারমিন আব্বাসী, ডা. নাভিদ আহমেদ, ফিটব্যাক রিসেটের প্রধান পুষ্টিবিদ ফাহমিদা হাশেম এবং দৈনিক কালবেলার স্বাস্থ্য সম্পাদক রাশেদ রাব্বি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির (বিএমইউ) এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!