নিজস্ব প্রতিবেদক:রাজধানীর কদমতলীতে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ হোসাইন শরীফ ওরফে সোহেল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অধিদপ্তরের দাবি, মাইক্রোবাসে ‘প্রেস’ লেখা এবং সাংবাদিকতার সরঞ্জাম ব্যবহার করে তিনি মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে কদমতলী থানার মাতুয়াইল মুক্তি সরণী পোল্ডার রোডে মেসার্স খান অ্যান্ড চৌধুরী ফিলিং স্টেশনের আশপাশে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে। অধিদপ্তরের ভাষ্য অনুযায়ী, কক্সবাজার থেকে আসা ‘প্রেস’ লেখা একটি সাদা রঙের নোয়াহ মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৫ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে গাড়ির স্টিয়ারিংয়ের পাশের একটি বক্সে রাখা ব্যাগ থেকে ৪ হাজার ২০০ পিস এবং গ্রেপ্তার ব্যক্তির পরিহিত প্যান্টের পকেট থেকে আরও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৫২০ গ্রাম।
অভিযানে মাইক্রোবাসটি ছাড়াও একটি ভিডিও ক্যামেরা, স্ট্যান্ড, ‘এশিয়ান টিভি’ ও ‘সরেজমিন’ লেখা দুটি বুম এবং তিনটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি আগে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানান। বর্তমানে সাংবাদিকতায় যুক্ত না থাকলেও গাড়িতে ‘প্রেস’ লেখা, ক্যামেরা, বুম ও ভিজিটিং কার্ড ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড এবং মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বলে অধিদপ্তরের দাবি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাঁর বিরুদ্ধে কদমতলী থানায় মামলা করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!