রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন

সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন

নিজস্ব প্রতিবেদক :নির্বাচিত বিএনপি সরকারের সাত মাসে দেশে অভূতপূর্ব বাকস্বাধীনতা ও নাগরিক মানবাধিকার নিশ্চিত হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

তিনি বলেছেন, এই সময়ে রাষ্ট্রীয় মদদে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা নির্যাতনের মাধ্যমে মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সঙ্গে বিরোধী মত, পথ বা রাজনৈতিক মূল্যবোধ দমনের ঘটনাও ঘটেনি বলে দাবি করেন তিনি।

📢 বিজ্ঞাপন In-Article Ad

মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ—টিআইবি আয়োজিত ‘গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন মাহ্দী আমিন।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের পর পুঞ্জীভূত সমস্যাগুলো রাতারাতি দূর করা সম্ভব নয়। তবে কোথাও স্থানীয় পর্যায়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা প্রশাসনিক ভুল হলে তা ধামাচাপা না দিয়ে দ্রুত তদন্ত ও প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাহ্দী আমিন বলেন, অতীতে রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে বিরোধী মতের মানুষের তালিকা করে সরাসরি হস্তক্ষেপের নজির ছিল। বর্তমান সরকার সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে প্রান্তিক মানুষের অভিযোগকে গুরুত্ব দিচ্ছে এবং অপরাধ সংঘটিত হলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো একক রাজনৈতিক দল বা জনগোষ্ঠীর আন্দোলন ছিল না। শিক্ষার্থী, শ্রমিক, রিকশাচালক, প্রবাসী, নারী, শিক্ষক, আইনজীবী, চিকিৎসক ও সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিয়েছিলেন। ফ্যাসিবাদবিরোধী এই আন্দোলন জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

আইন প্রণয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, অন্তর্বর্তী সরকারের একশর বেশি অধ্যাদেশ বর্তমান সংসদের প্রথম অধিবেশনেই আইনে রূপান্তর করা হয়েছে। নতুন আইন প্রণয়নের ক্ষেত্রেও অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে। প্রয়োজন হলে বাস্তবতার আলোকে আইন সংশোধনের উদ্যোগও নেওয়া হচ্ছে।

তিনি বলেন, শুধু আইনের ভাষা নয়, এর মানবিক ব্যাখ্যা ও সঠিক প্রয়োগ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদী সময়ে সংবিধানের বিভিন্ন ধারার অপব্যাখ্যা করে মানুষের ভোটাধিকার ও মানবাধিকার ক্ষুণ্ন করা হয়েছিল।

গণতন্ত্রের প্রকৃত মাপকাঠি তুলে ধরে মাহ্দী আমিন বলেন, গণতন্ত্র শুধু পাঁচ বছর পর একদিন ভোট দেওয়ার বিষয় নয়। নির্বাচিত সরকার জনগণের প্রত্যাশা ও বিশ্বাস কতটা রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত করছে, সেটিই গণতন্ত্রের প্রকৃত মাপকাঠি।

তিনি আরও বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায়ের লক্ষ্য বাকস্বাধীনতা ও নাগরিক মানবাধিকারের সর্বোচ্চ মর্যাদা নিশ্চিত করা এবং জাতীয় সংসদকে প্রাণবন্ত ও কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত করা।

রাজনৈতিক মতপার্থক্য স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বৃহত্তর জাতীয় স্বার্থের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে সামনে রেখে বিভিন্ন মত ও পথকে এক ছাদের নিচে আনার আহ্বান জানান তিনি।

দেশের গণতান্ত্রিক পালাবদনে বিএনপির ভূমিকা রয়েছে দাবি করে মাহ্দী আমিন বলেন, বাকশাল, সামরিক শাসন ও দীর্ঘ ফ্যাসিবাদের পর বিভিন্ন সময়ে বিএনপির হাত ধরে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, স্বনির্ভর ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গঠনে কাজ করছে। এ যাত্রায় সুশীল সমাজ, গণমাধ্যম, বেসরকারি খাত, তরুণ ও নারী সমাজকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে সরকার।

টিআইবিসহ নাগরিক সমাজের সংগঠনগুলোকে সরকারের ভুলত্রুটি নির্মোহভাবে তথ্য-উপাত্তের ভিত্তিতে তুলে ধরার আহ্বান জানিয়ে মাহ্দী আমিন বলেন, গঠনমূলক সমালোচনা ও পরামর্শের মাধ্যমে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সবাইকে ভূমিকা রাখতে হবে।

আলোচনায় টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মনীষা চক্রবর্ত্তী, চিকিৎসক ও তরুণ রাজনীতিক তাসনিম জারাসহ শিক্ষাবিদ, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি ও তরুণরা অংশ নেন।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদগ্যাস সংকট: আগের অবস্থায় ফেরাই সমাধ...
পরবর্তী সংবাদবিদেশী শিক্ষার্থী-সাংবাদিকদের নতুন ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ