মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকারের কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান তিনি। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। ওই সময়ও যুক্তরাষ্ট্রে অবস্থানের বিষয়টি জানিয়ে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন তিনি। আজ সংসদ অধিবেশনে তাঁর পদত্যাগের বিষয়টি অবহিত করতে পারেন স্পিকার।
ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!