নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শুধু ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জনগণের দুর্ভোগের সমাধান হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস-বিকেএমের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তিনি বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) বাদ জুমা রাজধানীর ঐতিহাসিক দনিয়া কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত মজলিস-বিকেএম ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী জোন আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, জনগণ শুধু বিভিন্ন ধরনের কার্ড চায় না; তারা বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ এবং নাগরিক দুর্ভোগের বাস্তবসম্মত সমাধান চায়। মৌলিক সমস্যার সমাধান না করে উন্নয়নের প্রচার জনগণের অধিকার ও গণতন্ত্রের বিকল্প হতে পারে না।
তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিয়ে কোনো ধরনের ছিনিমিনি খেলা যাবে না। একই ভোটকেন্দ্রে সংসদ নির্বাচন ও গণভোটে জনগণ যে মতামত দিয়েছে, সেই গণরায়ের প্রতি সরকারের সম্মান দেখানো উচিত।
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, শুধু সংবিধান সংশোধন করলেই হবে না; প্রয়োজন কাঠামোগত ও কার্যকর সংস্কার। বিচার বিভাগের স্বাধীনতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভারসাম্য এবং জনগণের অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গণআন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। গণরায় বাস্তবায়নে ব্যর্থ হলে জনগণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে রাজপথে থাকবে।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে মামুনুল হক বলেন, দুই দেশের সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান, সমতা ও জনগণের স্বার্থের ভিত্তিতে। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া অভিযুক্তদের ফিরিয়ে এনে দেশের প্রচলিত আইনে বিচার নিশ্চিত করাও বাংলাদেশের অধিকার বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস-বিকেএম ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মুফতি আনিসুর রহমান কাসেমী। এতে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
শুধু কার্ডের প্রতিশ্রুতি নয়, বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি সংকটের স্থায়ী সমাধান চান মামুনুল হক
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!