মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের এফডাব্লিউসিএমএস ব্যবস্থা নিয়ে গুরুতর উদ্বেগ জানিয়েছে দক্ষিণ এশিয়ার চার দেশের জনশক্তি রফতানিকারকদের সংগঠন। বাংলাদেশ, নেপাল, মিয়ানমার ও পাকিস্তানের রিক্রুটিং এজেন্সি সংগঠনের নেতারা যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেওয়া বিবৃতিতে তারা বলেন, ডিজিটালাইজেশন, স্বচ্ছতা, দক্ষতা ও দায়িত্বশীল নিয়োগ ব্যবস্থাকে তারা সমর্থন করেন। তবে কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম বা নিয়োগ ব্যবস্থা যেন সীমিত কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে সিন্ডিকেট বা একচেটিয়া নিয়ন্ত্রণ তৈরির সুযোগ না দেয়।
বিবৃতিতে বলা হয়, কর্মী পাঠানো দেশগুলোতে হাজার হাজার বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সি রয়েছে। এসব প্রতিষ্ঠানের বৈধ নিয়োগের সুযোগে সমান, স্বচ্ছ ও বৈষম্যহীন প্রবেশাধিকার থাকা প্রয়োজন।
চার দেশের সংগঠনগুলোর দাবি, সীমিতসংখ্যক এজেন্সিকে অগ্রাধিকার বা একচেটিয়া সুযোগ দেওয়া হলে ন্যায্য প্রতিযোগিতা ও স্বচ্ছতা বাধাগ্রস্ত হতে পারে। একই সঙ্গে নিয়োগ ব্যয় বাড়ার পাশাপাশি নিয়োগকর্তা ও অভিবাসী শ্রমিকদের পছন্দের সুযোগও কমে যেতে পারে।
তারা মালয়েশিয়া সরকারের কাছে এফডাব্লিউসিএমএস নিয়োগ ব্যবস্থা পর্যালোচনা করে সব যোগ্য ও লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক পদ্ধতিতে নিয়োগের সুযোগ বিতরণ, অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণকে অগ্রাধিকার এবং কর্মী পাঠানো দেশগুলোর রিক্রুটিং এজেন্সি সংগঠনগুলোর সঙ্গে অর্থবহ আলোচনা করার দাবি জানানো হয়।
নেতারা স্পষ্ট করে বলেন, এ অবস্থান মালয়েশিয়া সরকার বা ডিজিটাল নিয়োগ ব্যবস্থার বিরুদ্ধে নয়। বরং স্বচ্ছতা, জবাবদিহি, সমান সুযোগ এবং একচেটিয়া নিয়োগ প্রক্রিয়া বন্ধের জন্য এটি একটি সম্মিলিত আহ্বান।
প্রসঙ্গত, মালয়েশিয়ার নতুন নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে মাত্র ২৫টি রিক্রুটিং এজেন্সিকে যুক্ত করার উদ্যোগ নিয়ে এরই মধ্যে ‘সিন্ডিকেট’ তৈরির আশঙ্কা প্রকাশ করে আসছেন রিক্রুটিং এজেন্টদের একাংশ। তারা সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখার দাবি জানিয়ে আসছেন।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!