নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালানসহ নানা ধরনের অপরাধও চলছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) অডিটোরিয়ামে ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, রোহিঙ্গা সংকট ছাড়াও সীমান্ত সমস্যা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিভিন্ন ইস্যু, পার্বত্য চট্টগ্রামের সমস্যা ও বিদ্রোহ এবং জ্বালানি সংকটসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে বাংলাদেশ।
তিনি বলেন, এসব সমস্যা একদিনে সমাধান সম্ভব নয়। নীতি ও আইন প্রণয়ন এবং দেশের বিভিন্ন সমস্যা সমাধানে অভিজ্ঞ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
ক্যাপস্টোন কোর্সে অধ্যাপক, চিকিৎসক, বিচারক, আইনজীবীসহ বিভিন্ন পেশার ৩৭ জন অংশগ্রহণ করেন। তাদের অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ জ্ঞান বিনিময়ের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবিলায় সমন্বিত চিন্তার সুযোগ তৈরি হয়েছে বলে জানান সেনাপ্রধান।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, বিভিন্ন পেশা ও অভিজ্ঞতার মানুষ একসঙ্গে কাজ করলে একটি ‘সিনার্জি’ বা সম্মিলিত শক্তি তৈরি হয়। এই পারস্পরিক সম্পর্ক ভবিষ্যতে জাতীয় উন্নয়ন ও সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে অব্যাহত সংলাপ ও ঐকমত্য গঠনের ওপর গুরুত্ব দেন।
ক্যাপস্টোন কোর্সটি কৌশলগত সচেতনতা বৃদ্ধি, গঠনমূলক চিন্তার বিকাশ, আন্তঃবিভাগীয় সহযোগিতা এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরির লক্ষ্যে পরিচালিত হয়।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!