জাতীয় নির্বাচন-পরবর্তী সহিংসতা, জুলুম-নির্যাতন, দখলদারি ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বরগুনা সচেতন নাগরিক ফোরাম।
বরগুনা-২ (বামনা-পাথরঘাটা-বেতাগী) আসনের পরিস্থিতি তুলে ধরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বরগুনা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বরগুনা সচেতন নাগরিক ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক চিকিৎসক আলহাজ্ব ডা. সুলতান আহমদ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মনির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁকে নিবৃত করার উদ্যোগ নিতে এবং নির্যাতিত সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বামনা উপজেলার সাবেক তিনবারের উপজেলা চেয়ারম্যান ও জামায়াত নেতা অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান মামুন। বক্তব্যে তিনি বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মনিকে নিজ নির্বাচনী এলাকার নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক বরগুনা জেলা সভাপতি এম হাসিবুর রহমান, বরগুনা সচেতন নাগরিক ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা বজলুর রহমান, ফোরামের সেক্রেটারি ও পল্টন থানা জামায়াতের সহকারী সেক্রেটারি মুস্তাফিজুর রহমান শাহীন, বামনা উপজেলা ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ, বেতাগী উপজেলা ফোরামের সেক্রেটারি হাফেজ মাওলানা মাহবুবুর রহমান এবং বিশিষ্ট আলেম ও মুফাসসিরে কুরআন মাওলানা আবু হানীফ নেছারী।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও গাজীপুর জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য আব্দুল জলিল আকন্দ, ছাত্রশিবিরের সাবেক বরগুনা জেলা সভাপতি ও মুগদা থানা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জাকির হোসেন নূর, সাবেক জেলা সভাপতি ইত্তিজা হাসান ফরিদ ও ইদ্রিসুল আলম মিলন, ছাত্রশিবিরের সাবেক বামনা উপজেলা সভাপতি রিমন শরীফ এবং ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসা শিবিরের নেতা হাবিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
মানববন্ধন ও বিক্ষোভ থেকে বরগুনা-২ আসনে সহিংসতা, নির্যাতন, দখলদারি ও চাঁদাবাজির অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!