নিজস্ব প্রতিবেদক: ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ লক্ষ্য অর্জনে চালকদের দক্ষতা বৃদ্ধি, ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণ, কার্যকর আইন প্রয়োগ এবং পরিবহন খাতের সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের অডিটোরিয়ামে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
শেখ রবিউল আলম বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করার দায়িত্ব কোনো একক প্রতিষ্ঠান বা পক্ষের নয়। পারস্পরিক দোষারোপের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সরকার, পরিবহন মালিক, শ্রমিক, চালক, যাত্রী ও আইন প্রয়োগকারী সংস্থাকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে সড়কের বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে সম্মিলিতভাবে সমাধানের উদ্যোগ নিতে হবে।
সড়ক দুর্ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা নির্ধারণে নির্ভুল তথ্যের প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী বলেন, সঠিক পরিসংখ্যানের ভিত্তিতেই কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব। দুর্ঘটনা কমাতে চালকদের দক্ষতা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার পাশাপাশি যানবাহনের ফিটনেসের বিষয়েও গুরুত্ব দিতে হবে। যোগ্য চালক নিয়োগে পরিবহন মালিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, দক্ষ চালকের অভাবের অজুহাতে অদক্ষ চালক বা অনিরাপদ যানবাহন দিয়ে পরিবহন পরিচালনা গ্রহণযোগ্য নয়। পরিবহন মালিকদের সুপারিশ করা যোগ্য চালকদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে লাইসেন্স দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। চালকের সংকটের কারণে সড়ক নিরাপত্তার সঙ্গে আপস করা যাবে না।
সড়ক নিরাপত্তায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, যানবাহনের গতি নিয়ন্ত্রণ, হেলমেট ব্যবহারের নীতিমালা বাস্তবায়ন এবং দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করে ঝুঁকি কমানোর কাজ চলছে। বিশ্বব্যাংকের সহায়তায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর নিরাপত্তা উন্নয়নের পাশাপাশি মহাসড়কের সঙ্গে আঞ্চলিক সড়কের সংযোগস্থলে দুর্ঘটনা কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের লক্ষ্য নিয়েও কাজ চলছে।
তিনি আরও বলেন, বেপরোয়া চালনা ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ট্রাফিক আইন মেনে চলা, অনিরাপদ যানবাহন পরিহার এবং সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রকিবুল ইসলাম এমপি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি। এ সময় বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!