নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে বিনিয়োগ সম্প্রসারণে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড ইউনিক্লোকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে কৃত্রিম তন্তু, টেকনিক্যাল টেক্সটাইল ও টেকসই পোশাক উৎপাদনে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। এ ক্ষেত্রে জমি, বিনিয়োগ অনুমোদন ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে সরকারের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী।
বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে।
বৈঠকে বাংলাদেশের প্রতি ইউনিক্লোর আস্থা এবং ফাস্ট রিটেইলিংয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের প্রশংসা করেন তারেক রহমান। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, পণ্যে উদ্ভাবন, উন্নত উৎপাদনব্যবস্থা এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
এ সময় বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের গুরুত্বও তুলে ধরেন উভয় পক্ষ। তাঁদের প্রত্যাশা, এ চুক্তি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে নতুন সুযোগ তৈরি করবে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জাপানের পক্ষে আরও উপস্থিত ছিলেন ফাস্ট রিটেইলিংয়ের পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই।
বিশ্লেষকদের মতে, প্রচলিত পোশাকের পাশাপাশি কৃত্রিম তন্তু ও উচ্চমূল্য সংযোজিত টেক্সটাইল পণ্যে বিনিয়োগ বাড়ানো বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়লে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিরও সুযোগ তৈরি হবে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!