নিজস্ব প্রতিবেদক: ৪০ জেলায় ৫৪টি টিমের তদারকি, নজরদারিতে ভোজ্যতেল, ছোলা ও ডাল,নিত্যপণ্যের বাজারে অনিয়মের দায়ে দেশজুড়ে ১০৩টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের ৪০টি জেলায় ৫৪টি টিমের অভিযানে এসব জরিমানা করা হয়।
অভিযানে ভোজ্যতেল, ছোলা, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত দামে পণ্য বিক্রি এবং সঠিক ওজন নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।
এ ছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি, হোটেল-রেস্তোরাঁয় বিধিবিধান লঙ্ঘন এবং কৃত্রিম সংকট ও অযৌক্তিক মজুদের মতো অনিয়ম প্রতিরোধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।
বাজারে কৃত্রিম সংকট এড়াতে ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি), উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই এবং বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।
পণ্য কেনার সময় প্রতারণা বা অনিয়মের শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানাতে বলা হয়েছে। বাজারে শৃঙ্খলা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!