নিজস্ব প্রতিবেদক: ইসলামপন্থীদের পারস্পরিক দ্বন্দ্ব ও বিভেদ দূর করে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।
শুক্রবার (২৩ অক্টোবর) মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে (IIUM) বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত এক মিটআপ অনুষ্ঠানে বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন তিনি।
আল্লামা মামুনুল হক বলেন, ইসলামপন্থীদের মধ্যে কলহ, দ্বন্দ্ব, বিবাদ ও আত্মঘাতী প্রবণতা মাথাচাড়া দিয়ে উঠছে। এ সংকটের সমাধানে শুধু কথার লড়াই কিংবা একে অপরের ওপর দায় চাপিয়ে দেওয়া যথেষ্ট নয়। বরং সংকটের গভীরে গিয়ে এর কারণ চিহ্নিত করা এবং কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
তিনি বলেন, বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ও বিরোধ রয়েছে। মতভিন্নতা সত্ত্বেও ঐক্য বজায় রাখার নীতির চর্চার পাশাপাশি গুরুতর বিরোধের বিষয়গুলো চিহ্নিত করে সেগুলো নিরসনে উদ্যোগ নিতে হবে।
মামুনুল হক আরও বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা ও ইসলামী চেতনার যে জাগরণ সৃষ্টি হয়েছে, এর পেছনে রয়েছে প্রায় অর্ধশতাব্দীর প্রচেষ্টা। এই সম্ভাবনাকে কাজে লাগাতে ইসলামপন্থীদের পারস্পরিক বিরোধ ও বিভেদ নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার পথ তৈরি করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সংসদ সদস্য মাওলানা মোহাম্মদুল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সালসহ মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!