নিজস্ব প্রতিবেদক: ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় লগি-বৈঠা নিয়ে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠা নিয়ে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। ঘটনার প্রায় দুই দশক পেরিয়ে গেলেও জড়িতদের বিচার না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ওই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এ জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে আলোচনা সভা করবে জামায়াত। এতে দলটির আমির প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
এ ছাড়া ২৮ অক্টোবর সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হবে। কর্মসূচি সফল করতে দলের সব শাখার নেতাকর্মীদের পাশাপাশি কৃষক, শ্রমিক, ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!