রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
রাজনীতি

জুলাই অভ্যুত্থানের তিন মামলায় হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র তদন্তে সংশ্লিষ্টতা না পাওয়ায় ৩০৩ জনকে অব্যাহতির সুপারিশ

জুলাই অভ্যুত্থানের তিন মামলায় হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র  তদন্তে সংশ্লিষ্টতা না পাওয়ায় ৩০৩ জনকে অব্যাহতির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টার ঘটনায় করা তিন মামলার তদন্ত শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। একই সঙ্গে অভিযোগে সংশ্লিষ্টতা না পাওয়ায় ৩০৩ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন তদন্ত কর্মকর্তারা।

রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, তিন মামলার মধ্যে ইলেকট্রিশিয়ান ইলিয়াস হোসেন হত্যা মামলায় ৪৩ জন, রায়হান আকন হত্যা মামলায় ৪৯ জন এবং অটোরিকশাচালক মেহেদী হাসানের হত্যাচেষ্টা মামলায় ২৪ জনকে আসামি করা হয়েছে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

তিনটি মামলার অভিযোগপত্রেই শেখ হাসিনার নাম রয়েছে। এ ছাড়া সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও আসামি করা হয়েছে।

ইলিয়াস হত্যা মামলায় আসামি ৪৩ জন

২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হন ইলেকট্রিশিয়ান ইলিয়াস হোসেন। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর ৯ আগস্ট তার মৃত্যু হয়। এ ঘটনায় তার বাবা ফারুক খান ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ১০২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে মামলা করেন।

তদন্ত শেষে গত ৩০ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আক্কেল আলী শেখ হাসিনাসহ ৪৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। এ মামলায় ৬৬ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

অভিযোগপত্রে শেখ হাসিনার পাশাপাশি শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, শেখ ফজলে নূর তাপস, শেখ ফজলে শামস পরশ, জাহাঙ্গীর কবির নানক, সাবেক পুলিশ কর্মকর্তা এবং ছাত্রলীগের কয়েকজন নেতার নাম রয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট মোহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদের সামনে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন ইলিয়াস। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে ৯ আগস্ট তার মৃত্যু হয়।

ইলিয়াসের ভাই মহসিন খান অভিযোগ করেন, রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তার ভাই আগে হামলার শিকার হয়েছিলেন এবং পরে আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হন। তিনি এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেন।

মামলাটির পরবর্তী শুনানির দিন আগামী ১৬ নভেম্বর ধার্য রয়েছে বলে প্রসিকিউশন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন।

রায়হান হত্যা মামলায় ৪৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর বাড্ডার ইউলুপ এলাকায় গুলিবিদ্ধ হন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বনশ্রী শাখার কর্মী রায়হান আকন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ওই দিন বিকেল ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রায়হানের বাবা কামাল হোসেন ২০২৫ সালের ২৮ এপ্রিল শেখ হাসিনাসহ ২৩৬ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে গত ২৭ সেপ্টেম্বর বাড্ডা থানার এসআই সুমন মিয়া শেখ হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। বাকি ২৩৬ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এ মামলায় ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমসহ আরও কয়েকজনের নাম রয়েছে।

তবে রায়হানের চাচাতো ভাই আরিফুল ইসলাম কামরুলের অভিযোগ, এলাকার কয়েকজন রাজনৈতিক ব্যক্তি তার চাচাকে প্রভাবিত করে মামলা করিয়েছেন। মামলায় নিরীহ ব্যক্তিদেরও আসামি করা হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, রায়হানের বাবা এখন মামলা চালাতে আগ্রহী নন এবং নির্দোষ ব্যক্তিরা যেন হয়রানির শিকার না হন, সেটিই পরিবারের চাওয়া।

মেহেদী হাসানের হত্যাচেষ্টা মামলায় আসামি ২৪ জন

চাকরির সন্ধানে ভোলা থেকে ঢাকায় এসে জুলাই অভ্যুত্থানের সময় আহত হন অটোরিকশাচালক মেহেদী হাসান। এ ঘটনায় তার করা মামলায় শেখ হাসিনাসহ ২৪ জনকে আসামি করে গত ২০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন মোহাম্মদপুর থানার এসআই সেলিম উদ্দীন। এ মামলায় আলমাছ নামে একজনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে মোহাম্মদপুর থানার ময়ূরভিলার সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এ সময় একটি গুলি মেহেদীর ডান বাহু ভেদ করে বেরিয়ে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানকসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

মেহেদী হাসান বলেন, তিনি মামলার মাধ্যমে ন্যায়বিচার চান। তবে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি নির্দোষ ব্যক্তিরা যেন হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে।

তিন মামলার অভিযোগপত্র এখন আদালতের পরবর্তী কার্যক্রমের অপেক্ষায়। অভিযোগপত্রে নাম থাকা ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হওয়া সাপেক্ষে তাদের দায় নির্ধারিত হবে।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদসরকারের ব্যর্থতার দায় বিরোধীদের ওপর...
পরবর্তী সংবাদ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ