নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির সাজেকে পাঁচ দফা দাবিতে টানা চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন স্থানীয় দুটি সংগঠনের নেতাকর্মীরা। রোববার (২৫ অক্টোবর) সকালেও হাজাছড়া, ১০ নম্বর গঙ্গাবাজার ও ১৪ কিলোসহ বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা। এতে সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে এ কর্মসূচি চলছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু গ্রুপ) সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়াসহ পাঁচ দফা দাবিতে তৃতীয় দফায় এ অবরোধ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে, গত ২২ অক্টোবর অবরোধকারীদের ওপর হামলার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত ও জড়িতদের শাস্তি নিশ্চিত করা, উজো বাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ দেওয়া এবং বাজার এলাকা থেকে সেনা ও পুলিশ সদস্যদের প্রত্যাহার করা।
এ ছাড়া হামলায় আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যয় প্রশাসনকে বহন, সাজেক থেকে জেএসএস (সন্তু) গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়া এবং চাঁদাবাজি ও জুলুম বন্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। আন্দোলনকারীদের বিরুদ্ধে সন্ত্রাসী তকমা দিয়ে গ্রেপ্তার, বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি এবং হয়রানি বন্ধেরও দাবি রয়েছে।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবু ধন চাকমার অভিযোগ, জেএসএস (সন্তু লারমা) গ্রুপের সশস্ত্র সদস্যরা এলাকায় চাঁদাবাজি ও জুলুম করছেন। পাশাপাশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালানো হচ্ছে এবং আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হচ্ছে। পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
এদিকে, অবরোধের কারণে সকাল থেকে সাজেক সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তফাজ্জল হোসেন জানান, সড়কে অবরোধ চললেও দু-একটি মোটরসাইকেল চলাচল করছে। কোথাও সংঘর্ষের ঘটনা ঘটেনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সড়কের গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!