আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ায় মাদকের ভয়াবহ বিস্তার থেকে যুবসমাজকে রক্ষা করতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় বায়তুন নূর মসজিদের মুসল্লিবৃন্দের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার এলাকার যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণেরা মাদকের নেশায় জড়িয়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূল করতে হলে এলাকার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো মাদক কারবারি বা অপরাধীকে প্রশ্রয় না দিয়ে তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। এ সময় মধ্য গাজীরচটসহ আশপাশের এলাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করে সংশ্লিষ্টদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।
বায়তুন নূর মসজিদের সেক্রেটারি ও গাজীরচট আকবর মণ্ডল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোজাফফর হোসেন খন্দকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন আশুলিয়া থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন মীর।
মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বায়তুন নূর মসজিদের খতিব মাওলানা মুফতি কাহহার, ধামসোনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. নাসির উদ্দিন এবং ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুস সালাম ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধন থেকে বক্তারা একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!