মীরসরাই (চট্টগ্রাম), ২০ অক্টোবর: চট্টগ্রামের মীরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল-০১-এ বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে শতভাগ চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স এসবিএস জিপার বাংলাদেশ কোং লিমিটেড। প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম শুরুর মধ্য দিয়ে দেশের রপ্তানিমুখী শিল্প খাতে আরও একটি বিদেশি বিনিয়োগ যুক্ত হলো।
মঙ্গলবার (২০ অক্টোবর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির বাণিজ্যিক উৎপাদন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে এসবিএস জিপার গ্রুপের চেয়ারম্যান, বিদেশি ক্রেতা, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় বেপজা অর্থনৈতিক অঞ্চল-০১-এর নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল মাহবুব প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।
প্রতিষ্ঠানটিতে প্রস্তাবিত মোট বিনিয়োগের পরিমাণ ১ কোটি ৯৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এরই মধ্যে বিনিয়োগ করা হয়েছে ১ কোটি ৫৫ লাখ ১০ হাজার ডলার। ছয়টি শিল্প প্লটে স্থাপিত কারখানাটিতে বিভিন্ন ধরনের জিপার, জিপারের যন্ত্রাংশ, প্লাস্টিক বোতাম ও সংশ্লিষ্ট পণ্য উৎপাদন করা হচ্ছে।
বর্তমানে কারখানাটিতে ১৪০ জন বাংলাদেশি কর্মী কাজ করছেন। পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম চালু হলে দুই হাজারের বেশি বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
বেপজা অর্থনৈতিক অঞ্চল-০১-এ মোট ২৭৯টি শিল্প প্লট রয়েছে। এর মধ্যে ২৬৩টি প্লট এবং একটি ছয়তলা কারখানা ভবন ৪৭টি শিল্পপ্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে ১৪টি প্রতিষ্ঠান বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। আরও কয়েকটি প্রতিষ্ঠান শিগগিরই উৎপাদন শুরু করবে। পাশাপাশি ১৭টি প্রতিষ্ঠানের কারখানা নির্মাণকাজ চলমান রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এসবিএস জিপারের বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়া বেপজার বিনিয়োগবান্ধব পরিবেশের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন। এ উদ্যোগ দেশের রপ্তানিমুখী শিল্পের সম্প্রসারণ, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!