নিজস্ব প্রতিবেদক: বরগুনার বেতাগী উপজেলার ১ নম্বর বিবিচিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মুহাম্মদ মোস্তাফিজুর রহমান। দলমত-নির্বিশেষে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবা করার প্রত্যয় নিয়ে তিনি দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশা করছেন।
ইঞ্জিনিয়ার মুহাম্মদ মোস্তাফিজুর রহমান মরহুম ক্বারী মুহাম্মদ আব্দুর রহমানের ছেলে। তিনি বিবিচিনি ইউনিয়নের ফুলতলা গ্রামের সম্ভ্রান্ত মুন্সি পরিবারের সন্তান। পেশাগত জীবনে তিনি ইউনিভার্সাল মাল্টি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং বেতাগী স্কয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন মোস্তাফিজুর রহমান। দরিদ্র ও অসহায় মানুষের আর্থিক সহায়তা, মসজিদ-মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা, চিকিৎসার ব্যয় বহন এবং অসচ্ছল পরিবারের মেয়েদের বিয়েতে সহায়তাসহ নানা মানবিক উদ্যোগে তাঁর ভূমিকা রয়েছে।
শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের উৎসাহিত করতেও বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তিনি। মহান বিজয় দিবস উপলক্ষে বিবিচিনি ইউনিয়নের পাঁচ হাজার শিক্ষার্থীকে নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন এবং প্রথম পুরস্কার হিসেবে বাইসাইকেলসহ প্রায় ১৫০টি পুরস্কার বিতরণ করেন বলে জানা গেছে।
সমর্থকদের দাবি, ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন তিনি। এসব সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের কারণে স্থানীয় মানুষের একটি অংশ তাঁকে আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী।
ইঞ্জিনিয়ার মুহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, “জনগণের সেবাই আমার মূল লক্ষ্য। দল-মতনির্বিশেষে সব মানুষের জন্য সমান সুযোগ ও ন্যায়বিচার নিশ্চিত করতে চাই। জনগণের আমানত রক্ষা করে বিবিচিনি ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব, ইনশাআল্লাহ।”
চেয়ারম্যান নির্বাচিত হলে দুর্নীতি ও হয়রানিমুক্ত ইউনিয়ন পরিষেবা নিশ্চিত করা, প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি ভাতা পৌঁছে দেওয়া, গ্রামীণ সড়ক, ব্রিজ ও কালভার্টের উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সহায়তা ও বৃত্তির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে তাঁর। পাশাপাশি যুবসমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার কথাও জানিয়েছেন তিনি।
এ ছাড়া ইউনিয়নের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, বিশুদ্ধ পানির ব্যবস্থা সম্প্রসারণ, অসহায় মানুষের জন্য কবরস্থান স্থাপন এবং ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দ ও উন্নয়নকাজের আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশের অঙ্গীকার করেছেন এই চেয়ারম্যান প্রার্থী।
রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১ নম্বর বিবিচিনি ইউনিয়ন শাখার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সরকারি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি ছিলেন। ২০০৩-০৪ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় ছাত্র সংসদে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হওয়ার দাবিও করেছেন তিনি।
ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বেতাগী উপজেলা মডেল সমিতির সভাপতি এবং ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বিজনেস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পাবলিসিটি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জনসম্পৃক্ততা বাড়ানো এবং মানুষের আস্থা অর্জনের ওপর গুরুত্ব দিচ্ছেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ মোস্তাফিজুর রহমান। দলীয় পরিচয়ের বাইরে গিয়ে ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের পাশে থাকার প্রত্যয় জানিয়ে তিনি সবার দোয়া, ভালোবাসা, সমর্থন ও ভোট কামনা করেছেন।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!