নিজস্ব প্রতিবেদক : রংপুর, ২০ অক্টোবর ২০২৬: রাষ্ট্রে সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সব ধর্মের মানুষ একসঙ্গে ভূমিকা রেখেছেন। আগামী হাজার বছরও যেন এ দেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারেন, সেই প্রত্যাশা করেন তিনি।
মঙ্গলবার দুপুরে রংপুর ধর্মসভার রাধাগোবিন্দ মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানুষ ধর্মীয় পরিচয় বিবেচনা না করে দেশকে স্বাধীন করতে যুদ্ধে অংশ নিয়েছিলেন। একইভাবে বিভিন্ন সময়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনেও সব ধর্ম, মত ও শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে এসেছেন। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও সব ধর্মের মানুষের অংশগ্রহণ ছিল।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে বসবাস করছেন। এই ঐতিহ্য ধরে রেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে হবে। প্রত্যাশিত বাংলাদেশ নির্মাণে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
‘এই সরকার সবার’
প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার সব মানুষের সরকার হতে চায়। যারা সরকারকে ভোট দিয়েছেন, তাদের পাশাপাশি যারা ভোট দেননি, তাদের জন্যও সরকার কাজ করতে চায়।
তিনি বলেন, দেশের সব অঞ্চলের উন্নয়ন রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় নিয়ে সমানভাবে এগিয়ে নিতে চায় সরকার। রংপুর মহানগরের উন্নয়নে ইতোমধ্যে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রামে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এসব উন্নয়নকাজের মধ্যে সেতু-কালভার্ট, স্কুল-কলেজসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের বিষয়টি উল্লেখ করেন তিনি।
গণঅভ্যুত্থান নিয়ে বিতর্ক না করার আহ্বান
দেশে ঐক্যের পরিবর্তে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, অতীতে মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে। একইভাবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়েও কেউ কেউ বিতর্ক তৈরির চেষ্টা করছেন।
প্রধানমন্ত্রী বলেন, কারও কোনো বক্তব্য বা দাবি থাকলে তা জাতীয় সংসদে তুলে ধরা উচিত। জনগণের প্রতিনিধিদের মাধ্যমে আলোচনা করে দেশের স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণ বর্তমানে স্থিতিশীলতা, শান্তি ও নিরাপত্তা চায়। শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থান যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সব ধর্মের মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি
হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজার নবমীর শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সব মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই মিলে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। দেশটি সবার, তাই দেশের উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে এগিয়ে আসতে হবে।
মন্দিরে ১০ লাখ টাকার চেক হস্তান্তর
মঙ্গলবার দুপুর ১২টা ৪ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ধর্মসভার রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে শুভেচ্ছা জানানো হয়। ছোট শিশুরা নৃত্য পরিবেশনার মাধ্যমে তাঁকে অভ্যর্থনা জানায়।
পরে প্রধানমন্ত্রী পূজারি ও মন্দিরসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। মন্দিরের সভাপতি ভবতোষ সরকার ও সাধারণ সম্পাদক খোকন সরকার প্রধানমন্ত্রীর হাতে একটি ক্রেস্ট তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের হাতে ১০ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন।
মন্দিরের পেছনে হোস্টেলের মতো একটি অবকাঠামো নির্মাণে আর্থিক সহযোগিতার বিষয়টি বিবেচনা করতে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল ও নিপুণ রায় চৌধুরীসহ দলীয় নেতা ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পথসভায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন
রংপুরে যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরের পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।
এ প্রসঙ্গে কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড চালু, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করার কথা তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করতে চায়। এ জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম রংপুর সফর। মন্দিরের অনুষ্ঠান শেষে তিনি সড়কপথে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!