রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

৮০ কোটি তরুণের চাকরি কোথায়? বিশ্বজুড়ে কর্মসংস্থানের ভয়াবহ সংকটের সতর্কবার্তা বিশ্বব্যাংকের

৮০ কোটি তরুণের চাকরি কোথায়? বিশ্বজুড়ে কর্মসংস্থানের ভয়াবহ সংকটের সতর্কবার্তা বিশ্বব্যাংকের

নিজস্ব অর্থায়নের সীমা ছাড়িয়ে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর তাগিদ বিশ্বজুড়ে আগামী ১০ থেকে ১৫ বছরে ১২০ কোটি তরুণ কর্মবাজারে প্রবেশ করবে। অথচ এ সময়ে চাকরির সুযোগ তৈরি হতে পারে মাত্র ৪০ কোটি। ফলে প্রায় ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারি অর্থায়নের পাশাপাশি বেসরকারি বিনিয়োগ, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।

১৬ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংকের ২০২৬ সালের বার্ষিক সভার প্লেনারি অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

📢 বিজ্ঞাপন In-Article Ad

অজয় বাঙ্গা বলেন, বিশ্বজুড়ে সংঘাত, ঋণের বাড়তি বোঝা এবং জ্বালানি ও সারের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য অর্থনীতির ওপর চাপ তৈরি করছে। একই সঙ্গে তরুণদের কর্মসংস্থানের চাহিদা বাড়লেও সেই অনুপাতে চাকরির সুযোগ তৈরি হচ্ছে না। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

তিনি বলেন, উন্নয়নের ভবিষ্যৎ নির্ভর করবে সরকারি অর্থায়ন, বেসরকারি বিনিয়োগ, দাতব্য সংস্থার সহায়তা ও প্রযুক্তির সমন্বিত ব্যবহারের ওপর। যেসব দেশে বিনিয়োগের ঝুঁকি বেশি এবং বাজার এখনো পর্যাপ্তভাবে বিকশিত হয়নি, সেখানে সরকারি ও স্বল্পসুদে অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর অর্থনীতি শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে বেসরকারি বিনিয়োগ ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়াতে হবে।

বিশ্বব্যাংক প্রধান জানান, প্রতিষ্ঠানটির সংস্কারের অংশ হিসেবে প্রকল্প প্রস্তুতের সময় ১৯ মাস থেকে কমিয়ে ৯ মাসে আনা হয়েছে। পাশাপাশি আর্থিক সক্ষমতা পুনর্গঠনের মাধ্যমে আগামী এক দশকে আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংকের (আইবিআরডি) ঋণ দেওয়ার সক্ষমতা ১০ হাজার কোটি ডলারের বেশি বাড়ানো হয়েছে।

কর্মসংস্থান সৃষ্টির কৌশল তুলে ধরে অজয় বাঙ্গা বলেন, বিদ্যুৎ, পানি, পরিবহন ও ডিজিটাল সংযোগের মতো অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করতে হবে। ব্যবসা পরিচালনায় সহজ নিয়মকানুন, সুশাসন ও নীতিগত স্থিতিশীলতাও জরুরি। একই সঙ্গে গ্যারান্টি, ইকুইটি ও স্থানীয় মুদ্রায় অর্থায়নের মতো উদ্যোগের মাধ্যমে বেসরকারি বিনিয়োগের বাধা কমাতে হবে।

বিশ্বব্যাংকের তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০২২ অর্থবছরে প্রতিষ্ঠানটি প্রায় ৩ হাজার ৫০০ কোটি ডলারের বেসরকারি পুঁজি সংগ্রহ করেছিল। গত বছর তা বেড়ে ১১ হাজার ২০০ কোটি ডলারে পৌঁছেছে। বিশ্বব্যাংকের নিজস্ব অর্থায়নসহ গত বছর মোট অর্থায়নের পরিমাণ ২৩ হাজার কোটি ডলার ছাড়িয়েছে।

তবে নিম্ন আয়ের দেশগুলোতে বেসরকারি পুঁজি আকর্ষণে এখনো বড় চ্যালেঞ্জ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এসব দেশে কর্মসংস্থান বাড়াতে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানকে অর্থায়ন এবং বাজারের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেন বিশ্বব্যাংক প্রধান।

প্রযুক্তির ব্যবহার নিয়েও বক্তব্য দেন অজয় বাঙ্গা। তিনি বলেন, ব্যবহারিক কৃত্রিম বুদ্ধিমত্তা কৃষকের উৎপাদন বাড়ানো, শিক্ষার মান উন্নয়ন, স্বাস্থ্যকর্মীদের সিদ্ধান্ত গ্রহণ এবং উদ্যোক্তাদের নতুন ক্রেতার কাছে পৌঁছাতে সহায়তা করতে পারে। তবে এ সুবিধা কাজে লাগাতে বিদ্যুৎ, ডিজিটাল সংযোগ, প্রয়োজনীয় ডিভাইস ও দক্ষতা উন্নয়ন নিশ্চিত করতে হবে।

জ্বালানি খাতে বিশ্বব্যাংকের অগ্রগতির কথা তুলে ধরে তিনি জানান, আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সঙ্গে যৌথ উদ্যোগ ‘মিশন ৩০০’-এর আওতায় ২০৩০ সালের মধ্যে আফ্রিকার ৩০ কোটি মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। এরই মধ্যে ৫ কোটি ৯০ লাখ মানুষ বিদ্যুৎ সুবিধা পেয়েছে। পাশাপাশি পানি নিরাপত্তা, কৃষি ও স্বাস্থ্যসেবায়ও বড় পরিসরে সহায়তার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

উন্নয়ন অর্থায়নের সীমাবদ্ধতা তুলে ধরে বিশ্বব্যাংক প্রধান বলেন, কোনো একটি দীর্ঘমেয়াদি প্রকল্পে অর্থায়ন করলে সেই অর্থ দীর্ঘ সময়ের জন্য আটকে থাকতে পারে। এতে নতুন প্রকল্পে অর্থায়নের সক্ষমতা কমে যায়। এ সমস্যা কাটাতে ছয়টি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক বিনিয়োগ মূল্যায়ন ও হস্তান্তরের অভিন্ন পদ্ধতি তৈরিতে কাজ করছে। এর মাধ্যমে একটি প্রকল্পে অর্থায়নের পর অন্য বিনিয়োগকারীর কাছে তা হস্তান্তর করে নতুন উন্নয়ন প্রকল্পে অর্থ ব্যবহারের সুযোগ তৈরি হবে।

বক্তব্যের শেষাংশে অজয় বাঙ্গা বলেন, একটি চাকরি কেবল পরিসংখ্যান নয়, এটি মানুষের মর্যাদা ও নিজের ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ। কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগাতে না পারলে তার প্রভাব এক দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। অন্যদিকে, কর্মসংস্থান ও উন্নয়নের সুযোগ তৈরি হলে তার সুফল সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়বে।

তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন অনুযায়ী সরকারি অর্থ, বেসরকারি পুঁজি, দাতব্য সহায়তা ও প্রযুক্তিকে একত্র করে কাজ করতে হবে। কর্মসংস্থানের ঘাটতি একটি পূর্বাভাস হলেও সেটিই যে ভবিষ্যৎ হবে, তা নয়। এ ঘাটতি মোকাবিলায় দ্রুত ও বৃহৎ পরিসরে উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট।

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদস্পিনিং শিল্প রক্ষায় বন্ড সুবিধা প্...
পরবর্তী সংবাদজুলাই সনদ বাস্তবায়ন না হলে সংবিধান...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ