নিজস্ব প্রতিবেদক: দেশীয় স্পিনিং শিল্পের বিনিয়োগ, উৎপাদন সক্ষমতা ও কর্মসংস্থান সুরক্ষায় ১০–৩০ কাউন্টের তুলার সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। একই সঙ্গে প্রকৃত রপ্তানিকারকদের জন্য ব্যাংক গ্যারান্টির বিপরীতে সুতা আমদানির ব্যবস্থা অব্যাহত রাখা এবং স্থানীয় মূল্য সংযোজন বাড়াতে দীর্ঘমেয়াদি নীতিকাঠামো প্রণয়নের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
রোববার (১৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানায় বিটিএমএ। সংগঠনটির সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, এনডিসি, পিএসসি (অব.) বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রাইমারি টেক্সটাইল শিল্পে প্রায় ৩২ বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। বিশেষ করে স্পিনিং শিল্পের উৎপাদন সক্ষমতা ও কর্মসংস্থান রক্ষার পাশাপাশি রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের জন্য প্রতিযোগিতামূলক দামে কাঁচামাল সরবরাহ নিশ্চিত করা জরুরি। তাই এ-সংক্রান্ত যেকোনো নীতিগত সিদ্ধান্তে উভয় শিল্পের স্বার্থ সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।
বিটিএমএ জানায়, ১০–৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার মানে আমদানিতে নিষেধাজ্ঞা বা নতুন করে শুল্ক-কর আরোপ নয়। সংশ্লিষ্ট আদেশ অনুযায়ী, প্রযোজ্য শুল্ক-কর সমপরিমাণ ব্যাংক গ্যারান্টির বিপরীতে আমদানির সুযোগ রয়েছে। সংগঠনটির মতে, এ ব্যবস্থায় বৈধ আমদানি ও রপ্তানি কার্যক্রম সচল রাখার পাশাপাশি বন্ড সুবিধার অপব্যবহার, স্থানীয় বাজারে অননুমোদিতভাবে পণ্য বিক্রি এবং রাজস্ব ফাঁকির ঝুঁকি কমানো সম্ভব।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংক গ্যারান্টিভিত্তিক আমদানির ক্ষেত্রে নির্ধারিত সময়ে রপ্তানির প্রমাণ ও প্রয়োজনীয় নথিপত্র জমা না দিলে প্রযোজ্য বিধি অনুযায়ী গ্যারান্টি নগদায়নের ব্যবস্থা রাখা যেতে পারে। অন্যদিকে, রপ্তানি সম্পন্ন হওয়া এবং প্রযোজ্য বিধি অনুযায়ী রপ্তানি আয় দেশে প্রত্যাবাসনের তথ্য যাচাই করে গ্যারান্টি অবমুক্ত করা হলে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।
দেশীয় স্পিনিং শিল্পের দুরবস্থার প্রসঙ্গ তুলে বিটিএমএ বলেছে, এ খাতের উৎপাদন ও আর্থিক সক্ষমতা পুনরুদ্ধার করা গেলে বন্ধ ও আংশিক বন্ধ স্পিনিং এবং উইভিং মিলগুলো পুনরায় চালু করা সম্ভব হতে পারে। এতে বিদ্যমান কর্মসংস্থান রক্ষার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি, ব্যাংকঋণ পুনরুদ্ধার এবং খেলাপি ঋণের চাপ কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
দেশীয় ও আমদানি করা সুতার দামের তুলনা এবং ভারত ও মিসরসহ বিভিন্ন দেশে তৈরি পোশাকের ক্রয়াদেশ স্থানান্তরের দাবিগুলো নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে যাচাই করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। বিটিএমএর মতে, সুতার প্রকৃত ক্রয়মূল্য নির্ধারণে মান ও বৈশিষ্ট্যের পাশাপাশি পরিবহন ব্যয়, শুল্ক-কর, ব্যাংক চার্জ, অর্থায়ন ব্যয় এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ বিবেচনায় নিতে হবে। আন্তর্জাতিক ক্রেতাদের ক্রয়াদেশের সিদ্ধান্তে সুতার দাম ছাড়াও পণ্যের মান, উৎপাদন সক্ষমতা, সরবরাহের নির্ভরযোগ্যতা ও নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের বিষয়গুলো গুরুত্বপূর্ণ।
নীতিগত প্রস্তাবে বিটিএমএ নন-বন্ডেড শিল্পের ব্যাংক গ্যারান্টিভিত্তিক কাঁচামাল আমদানিতে ৩০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজনের শর্ত পুনর্বহালের দাবি জানিয়েছে। পাশাপাশি এলডিসি থেকে উত্তরণের পরবর্তী সময়ের প্রস্তুতি হিসেবে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধান, উৎপত্তির নিয়ম (রুলস অব অরিজিন) এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে টু-স্টেজ ট্রান্সফরমেশন শর্ত বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে ৪০ থেকে ৬০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজন অর্জনের উপযোগী নীতিকাঠামো প্রণয়নের প্রস্তাব দিয়েছে।
বিটিএমএ বলেছে, দেশীয় স্পিনিং ও তৈরি পোশাক শিল্প পরস্পরের পরিপূরক। এক খাতের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে অন্য খাতের কাঁচামালপ্রাপ্তি ও রপ্তানি সক্ষমতা যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়েও নজর দিতে হবে।
দেশের শিল্পায়ন, কর্মসংস্থান, রাজস্ব সুরক্ষা এবং রপ্তানি প্রবৃদ্ধির স্বার্থে প্রস্তাবগুলো বিবেচনা করে প্রয়োজনীয় নীতিগত সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!