নিজস্ব প্রতিবেদক:শারদীয় দুর্গাপূজায় সারা দেশের পূজামণ্ডপের অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ সময় সংস্থাটির ৫৩৮টি ফায়ার স্টেশন স্ট্যান্ডবাই ডিউটিতে থাকবে। জরুরি প্রয়োজনে সহায়তা চাওয়া যাবে ১০২ হটলাইনে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর কাজী আলাউদ্দীন রোডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি।
সংবাদ সম্মেলনে মহাপরিচালক বলেন, প্রতিবছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে। দেশের ৫৩৮টি ফায়ার স্টেশন নিজ নিজ এলাকার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা তদারক করবে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখবে।
তিনি জানান, পূজামণ্ডপ পরিদর্শনের সময় অগ্নিঝুঁকি চিহ্নিত করে তা নিরসনে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পেতে নিকটস্থ ফায়ার স্টেশনের ফোন নম্বর ও ১০২ হটলাইন নম্বর প্রচার করা হবে। বিভিন্ন স্থানে স্থাপিত অস্থায়ী ফায়ার স্টেশনগুলোও সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে।
মহাপরিচালক আরও বলেন, কেন্দ্রীয় ও বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষ ২৪ ঘণ্টা চালু থাকবে। জরুরি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের নিকটবর্তী এক বা একাধিক ফায়ার স্টেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে। বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা এবং ফায়ার স্টেশনগুলো স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে।
এ ছাড়া প্রতিমা বিসর্জনের স্থানে জনবল ও স্বেচ্ছাসেবকদের পাশাপাশি উদ্ধার সরঞ্জাম, অ্যাম্বুলেন্স এবং প্রয়োজন অনুযায়ী রাতের বেলায় আলোকসজ্জার ইউনিট মোতায়েন রাখা হবে। অধিদপ্তর, বিভাগীয় ও জেলা পর্যায়ে নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে ফায়ার স্টেশনগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হবে।
সংবাদ সম্মেলনে অগ্নিনিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে মহাপরিচালক বলেন, “সচেতনতাই সুরক্ষা।”
এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং ফায়ার সার্ভিসের পরিচালক, উপপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!