নিজস্ব প্রতিবেদক: শুধু নির্ধারিত দায়িত্ব পালন নয়, পরিবেশ ও বন রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে বাড়তি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও উদ্যোগী হতে হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়নবিষয়ক সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সভায় আগামী ছয় মাসের মধ্যে দেশের মাদার ট্রি বা মাতৃগাছ চিহ্নিত করে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি গাছ লাগানোর পর নিয়মিত পরিচর্যা, রোপণ করা চারার বেঁচে থাকা নিশ্চিত করতে তদারকি এবং পার্বত্য চট্টগ্রামে বনায়ন বাড়ানোর উদ্যোগ নিতে নির্দেশনা দেওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। মানুষ যত বেশি সচেতন হবে, পরিবেশ সংরক্ষণের কাজ তত সহজ হবে। এ জন্য পরিবেশ ও বন রক্ষার প্রতিটি পরিকল্পনার সঙ্গে জনসচেতনতামূলক কার্যক্রম যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।
ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ জানিয়ে তারেক রহমান বলেন, বহু বছর ধরে ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় প্রথম বা দ্বিতীয় স্থানে থাকছে, যা দেশের জন্য লজ্জার বিষয়। এ পরিস্থিতির পরিবর্তনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নির্ধারিত দায়িত্বের বাইরেও আরও বেশি কাজ করার সক্ষমতা সবার রয়েছে। দেশের মানুষের জন্য কিছু করার সুযোগ সব সময় আসে না। তাই শুধু সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দাপ্তরিক দায়িত্ব পালন করেই থেমে থাকলে চলবে না।
তিনি বলেন, পরিবেশের অবনতি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যৎ প্রজন্ম। পরবর্তী প্রজন্মও এ দেশেই থাকবে। তাই দেশের পরিবেশ ভালো রাখতে সবাইকে নিজের সক্ষমতা কাজে লাগিয়ে দায়িত্বের বাইরে গিয়েও উদ্যোগ নিতে হবে।
প্রধানমন্ত্রী ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, পরিকল্পনাটি যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে দেশের সব মানুষ এর সুফল পাবে। অন্য মন্ত্রণালয়গুলো নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কম গাছ লাগালে সেই ঘাটতি পূরণে পরিবেশ ও বন মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার সিদ্ধান্তও হয় সভায়।
সভায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, ভারপ্রাপ্ত সচিব ফাহমিদা খানমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!