নিজস্ব প্রতিবেদক :দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে থাকা ৩০৩ শিশুকে তাদের পছন্দের নিকটাত্মীয়ের কাছে অথবা সরকারি শিশু পরিবারে রাখার সুপারিশ করেছে সমাজসেবা অধিদপ্তর। শিশুদের সর্বোত্তম স্বার্থ বিবেচনায় নিয়ে এ সুপারিশ করা হয়েছে।
হাইকোর্টে দাখিল করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর। প্রতিবেদনে বলা হয়, অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির মাধ্যমে এসব শিশুর নিয়মিত খোঁজখবর নেওয়া হয়। পাশাপাশি তাদের খেলনা, পোশাক ও শিশুখাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।
এর আগে গত ১৫ জুন দেশের বিভিন্ন কারাগারে বন্দি মায়েদের সঙ্গে থাকা শিশুদের সংখ্যা ও বয়সের বিবরণ জানতে কারা কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন চেয়েছিলেন হাইকোর্ট। তবে এখনো সেই প্রতিবেদন দাখিল করা হয়নি।
সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপার দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এবং রুল জারি করেন।
রুলে কারাগারে থাকা শিশুদের নিরাপত্তা, কল্যাণ, শিক্ষা, সঠিক বিকাশ ও মৌলিক অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
অবকাশকালীন ছুটির পর রিটটির চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে।
কারা অধিদপ্তরের ২৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত তথ্য অনুযায়ী, দেশের ৭৪টি কেন্দ্রীয় ও জেলা কারাগারে মায়েদের সঙ্গে ছিল ২৯৯ শিশু। তাদের মধ্যে ১৫৩ জন কন্যাশিশু এবং ১৪৬ জন ছেলেশিশু। এসব শিশুর মায়েদের বেশির ভাগই মাদক মামলার আসামি। তাঁদের কেউ সাজা ভোগ করছেন, আবার কারও মামলা বিচারাধীন।
বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগের ১৮টি কারাগারে ১০০ শিশু, চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ৯০, রাজশাহী বিভাগের আটটি কারাগারে ২৫, সিলেট বিভাগের পাঁচটি কারাগারে ১৯, রংপুর বিভাগের আটটি কারাগারে ২৫, খুলনা বিভাগের ১০টি কারাগারে ২০, বরিশাল বিভাগের ছয়টি কারাগারে চার এবং ময়মনসিংহ বিভাগের চারটি কারাগারে ১৩ শিশু মায়ের সঙ্গে ছিল।
কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মায়েদের সঙ্গে সবচেয়ে বেশি শিশু রয়েছে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!