নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পোশাকশিল্পকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নিতে কম খরচের শ্রমনির্ভর উৎপাদন থেকে বেরিয়ে উদ্ভাবন, উচ্চমূল্যের পণ্য ও আধুনিক প্রযুক্তিতে জোর দেওয়ার তাগিদ দিয়েছেন শিল্প নেতারা। তাঁদের মতে, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে উৎপাদন দক্ষতা, প্রযুক্তির ব্যবহার ও পণ্যের মূল্য সংযোজন বাড়ানোর বিকল্প নেই।
এই লক্ষ্য সামনে রেখে আগামী ১২ থেকে ১৪ নভেম্বর ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে টেক্সটাইল ইনোভেশন এক্সপো ২০২৬। এক্সপো উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মতামত তুলে ধরেন শিল্পসংশ্লিষ্ট নেতারা।
আয়োজকদের প্রত্যাশা, এবারের এক্সপোতে প্রায় ৫০টি টেক্সটাইল, পোশাক ও অ্যাকসেসরিজ কারখানা এবং ২০০টি প্রযুক্তি ও সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নেবে। এ ছাড়া প্রায় পাঁচ হাজার দর্শনার্থী, ১০০টি ব্র্যান্ড ও ক্রেতা এবং ৩০টিরও বেশি দেশের ২০০ আন্তর্জাতিক প্রতিনিধি উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাকের গড় মূল্য প্রতি কেজিতে ৮ দশমিক ৪৭ শতাংশ কমেছে। অন্যদিকে, একই সময়ে ভিয়েতনামের পোশাকের গড় মূল্য বেড়েছে ১১ দশমিক ৭৬ শতাংশ। এ চিত্র বাংলাদেশের পোশাকশিল্পে পণ্যের মূল্য সংযোজন ও উৎপাদন দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরছে।
এক্সপোতে ডাইং ও প্রিন্টিং, টেক্সটাইল ম্যাটেরিয়াল, গার্মেন্ট অটোমেশন এবং পরিবেশবান্ধব ও টেকসই প্রযুক্তি নিয়ে চারটি বিশেষ থিম জোন থাকবে। পাশাপাশি ফ্যাক্টরি ইনোভেশন প্যাভিলিয়নে স্থানীয় কারখানাগুলো তাদের উদ্ভাবনী পণ্য ও উৎপাদন দক্ষতা বাড়ানোর উদ্যোগ তুলে ধরবে।
এ ছাড়া ওপেন ইনোভেশন এরিয়ায় গবেষক, বিশ্ববিদ্যালয়, স্টার্টআপ ও কারখানার প্রকৌশলীরা শিল্পের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের উদ্ভাবন ও সমাধান উপস্থাপন করবেন। টেকসই ব্যবস্থাপনা, নতুন ফাইবার, ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট, ট্রেসেবিলিটি, টেক্সটাইল রিসাইক্লিং, উৎপাদনশীলতা ও জ্বালানি সাশ্রয় নিয়ে ছয়টি কারিগরি সেমিনার অনুষ্ঠিত হবে। থাকবে একটি প্লেনারি সেমিনারও।
এক্সপোর আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজন টেক্সটাইল ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৬। কারখানাভিত্তিক উদ্ভাবন, প্রযুক্তিগত অগ্রগতি, পণ্য উন্নয়ন এবং টেকসই ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতি হিসেবে আটটি বিভাগে এ পুরস্কার দেওয়া হবে। বিভাগগুলো হলো—প্রসেস ইনোভেশন, ম্যানুফ্যাকচারিং ইনোভেশন, টেকনোলজি, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেটিং ও মার্কেট ডেভেলপমেন্ট, পরিবেশগত টেকসই ব্যবস্থাপনা, সামাজিক টেকসই ব্যবস্থাপনা এবং মানবসম্পদ ও সাংগঠনিক উন্নয়ন।
টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জের (টিআইই) আয়োজনে এবং টেক্সটাইল ইনোভেশন সেন্টারের (টিআইসি) সহ-আয়োজনে অনুষ্ঠিত হবে এ এক্সপো। সহযোগিতায় রয়েছে ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)। অংশীদার হিসেবে রয়েছে বিকেএমইএ ও বিজিবিএ। আয়োজনটি বাস্তবায়ন করছে টেক্সটাইল টুডে ইনোভেশন হাব (টিটিআইএইচ)।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইটিইটি বাংলাদেশের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন, বিকেএমইএর পরিচালক ইঞ্জিনিয়ার ইমরান কাদের তুর্জো, বিজিবিএর প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ, আইটিইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সুমায়েল মুহাম্মদ মল্লিক, আইটিইটি বাংলাদেশের মহাসচিব ইঞ্জিনিয়ার এ.এস.এম. হাফিজুর রহমান নিক্সন এবং টিআইইর চেয়ারম্যান ও টিটিআইএইচের এক্সিকিউটিভ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইহসানুল করিম কায়সার।
উল্লেখ্য, গত ১৬ মে ২০২৬ তারিখে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জের উদ্বোধন করেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, গত সাত বছরে টেক্সটাইল টুডে ইনোভেশন হাব ৮০টিরও বেশি কারখানায় ২৭০টির বেশি উদ্ভাবন প্রকল্প সম্পন্ন করেছে।
আয়োজকদের আশা, এ এক্সপোর মাধ্যমে শিল্প ও গবেষণার মধ্যে সহযোগিতা বাড়বে এবং উদ্ভাবননির্ভর উৎপাদন ব্যবস্থার প্রসারের মধ্য দিয়ে বাংলাদেশের টেক্সটাইল ও পোশাকশিল্প আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!