নিজস্ব প্রতিবেদক:ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আচারের বয়ামের ভেতর লুকিয়ে আনা ২ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ডায়মন্ড, প্লাটিনাম ও স্বর্ণালংকার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। এ ঘটনায় মো. জনি রহমান নামে এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) কলকাতা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৯৬ ফ্লাইটের যাত্রী ছিলেন তিনি।
ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন শেষে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় যাত্রীর ব্যাগেজ স্ক্যান করে সন্দেহজনক মালামালের সন্ধান পান কাস্টমসের প্রিভেন্টিভ টিমের সদস্যরা। পরে তল্লাশি চালিয়ে আচারের বয়ামের ভেতর লুকানো এসব অলংকার উদ্ধার করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১ হাজার ৫৪ গ্রাম ওজনের ডায়মন্ড, প্লাটিনাম ও স্বর্ণের বিভিন্ন অলংকার এবং ৭২০টি রুবি ও পোখরোজ পাথর। এসব পণ্যের আনুমানিক মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।
এ ঘটনায় অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!