নিজস্ব প্রতিবেদক : ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যানের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। একই সঙ্গে এপিজির নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী।
গতকাল সোমবার তানজানিয়ার আরুশায় ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এপিজির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় দলের সঙ্গে তানজানিয়া সফরে থাকা সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুইয়া সোমবার এক তথ্যবিবরণীতে বিষয়টি নিশ্চিত করেন।
এশিয়া-প্যাসিফিক গ্রুপে বর্তমানে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক গ্রুপের নেতৃত্বে বাংলাদেশের স্পিকারের দায়িত্ব গ্রহণ আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব ও প্রভাব আরও জোরালো করবে বলে আশা করা হচ্ছে।
এদিকে তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী।
সোমবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি মঙ্গোলিয়ার প্রার্থীকে পরাজিত করেন। এশিয়া-প্যাসিফিক গ্রুপের ৩৭টি সদস্যদেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনে জহরত আদিব চৌধুরীর বিজয় আন্তর্জাতিক সংসদীয় পরিসরে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের এপিজি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ এবং জহরত আদিব চৌধুরীর নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় আইপিইউতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান বাংলাদেশের স্পিকার
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!