নিজস্ব প্রতিবেদক: ঢাকা: বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে নিরাপত্তা সহযোগিতা, মানবপাচার প্রতিরোধ, অভিবাসন ব্যবস্থাপনা ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি সরকারি পর্যায়ে দীর্ঘমেয়াদি এলএনজি ও সার আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে নিরাপত্তা বাহিনীর দক্ষতা বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ, যৌথ কর্মশালা এবং আইনগত সহায়তা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে জি-টু-জি ভিত্তিতে দীর্ঘমেয়াদি এলএনজি ও সার আমদানির উদ্যোগ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়।
আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর আলজেরিয়াই প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। ঐতিহাসিক এই বন্ধুত্ব আরও জোরদারে তাঁর দেশের আগ্রহের কথাও জানান তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলজেরিয়া বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও ফার্মাসিউটিক্যালস আমদানি বাড়াতে পারে। একই সঙ্গে ডাক্তার, নার্সসহ দক্ষ জনশক্তি বাংলাদেশ থেকে নেওয়ার আহ্বান জানান তিনি।
বৈঠকে বাংলাদেশে বিচারাধীন এক আলজেরীয় নাগরিকের আইনি জটিলতা নিয়েও আলোচনা হয়। আদালতের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দিয়ে প্রয়োজনীয় আইনি সহযোগিতার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আলজেরিয়ার রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করা হয়। সফরের জন্য সুবিধাজনক কূটনৈতিক তারিখ নির্ধারণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে দুই দেশ নিরাপত্তা, বাণিজ্য ও দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
আলজেরিয়ার সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!