নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৬,নদীর অধিকার রক্ষা, আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত এবং পানি নিরাপত্তায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন পানি বিশেষজ্ঞ ও পরিবেশবিদরা।
বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর পানি ভবন মিলনায়তনে ‘বাংলাদেশের নদী অধিকার ও আন্তর্জাতিক পানির ন্যায্য বণ্টন’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নোঙর ট্রাস্ট এ সভার আয়োজন করে।
নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। প্রধান আলোচক ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান খোকন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি, কৃষি, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকা নদীনির্ভর। তাই নদী রক্ষা শুধু পরিবেশগত বিষয় নয়, এটি দেশের ভবিষ্যৎ ও মানুষের জীবন-জীবিকার সঙ্গেও সরাসরি জড়িত।
ড. আইনুন নিশাত বলেন, অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় ন্যায্যতা, সমতা ও পারস্পরিক স্বার্থের নীতি অনুসরণ করতে হবে। আন্তঃসীমান্ত নদীর পানি কোনো একক দেশের সম্পদ নয়। গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের দীর্ঘমেয়াদি পানি নিরাপত্তা ও ন্যায্য হিস্যা নিশ্চিত করতে টেকসই সমঝোতার ওপর গুরুত্ব দেন তিনি।
তিস্তা ও অন্যান্য আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে বাংলাদেশের যৌক্তিক দাবি অব্যাহত রাখার কথাও বলেন বক্তারা। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সম্মানভিত্তিক সম্পর্ক বজায় রেখে তথ্য বিনিময়, যৌথ গবেষণা এবং সমন্বিত নদী অববাহিকা ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা নদী দখল, দূষণ ও অবৈধ স্থাপনা বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান। নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবেশবিদ, গবেষক ও স্থানীয় জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় আরও বক্তব্য দেন ওয়ারপো মহাপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া, সাবেক রাষ্ট্রদূত মসয়ুদ মান্নান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন, রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকনসহ পানি বিশেষজ্ঞ, গবেষক, পরিবেশবিদ ও গণমাধ্যমকর্মীরা।
বিশ্ব নদী দিবসে নদীর অধিকার ও পানির ন্যায্য বণ্টনের আহ্বান
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!