নিজস্ব প্রতিবেদক: জিআই পণ্য হিসেবে জামদানি শিল্পের উন্নয়ন, সংরক্ষণ ও প্রচারের লক্ষ্যে নেওয়া ‘জামদানি ভিলেজ স্থাপন’ প্রকল্পে ধীরগতি দেখা দিয়েছে। প্রায় দুই বছর পার হলেও প্রকল্পটির আর্থিক অগ্রগতি মাত্র ১১ দশমিক ৬৬ শতাংশ। চলতি অর্থবছরে ৮ কোটি টাকা বরাদ্দ থাকলেও এখনো ব্যয় হয়নি এক টাকাও। ফলে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
জামদানি শাড়িকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন—জিআই পণ্য হিসেবে উন্নয়ন, সংরক্ষণ ও প্রচারের উদ্দেশ্যে প্রকল্পটি গ্রহণ করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া গ্রামে এটি বাস্তবায়ন করছে বাংলাদেশ তাঁত বোর্ড।
প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৩২ কোটি ৫০ লাখ টাকা। ২০২৩ সালের জুলাই থেকে শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭ সালের জুনে।
প্রকল্প-সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত এতে ব্যয় হয়েছে মাত্র ৩ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার টাকা। অর্থাৎ মোট প্রকল্প ব্যয়ের মাত্র ১১ দশমিক ৬৬ শতাংশ বাস্তবায়ন হয়েছে।
অন্যদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রকল্পটির জন্য ৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে অর্থবছরের প্রথম দুই মাস পার হলেও আগস্ট পর্যন্ত সেই বরাদ্দ থেকে কোনো অর্থ ব্যয় হয়নি।
ধীরগতিতে নির্মাণকাজ
প্রকল্পের আওতায় তিনতলা গবেষণা ও নকশা উন্নয়ন এবং প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র, ক্রেতা বা বায়ারস রিফ্রেশমেন্ট ভবন নির্মাণের কাজ রয়েছে। পাশাপাশি জামদানি শিল্পের উন্নয়ন, সংরক্ষণ ও প্রচারের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরির পরিকল্পনা রয়েছে।
সভায় জানানো হয়, নির্মাণকাজের অংশ হিসেবে ২৯টি পাইলের মধ্যে ১৭টির পাইল ক্যাপের রড বাইন্ডিংয়ের কাজ শেষ হয়েছে। বাকি ১২টির কাজও দ্রুত শেষ করে ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তবে প্রকল্পের মূল ভবনসহ এমএস গেট নির্মাণের কাজেও জটিলতা রয়েছে। প্রকল্প এলাকায় নির্মাণসামগ্রী প্রবেশের বিকল্প পথ না থাকায় এমএস গেট নির্মাণের দরপত্র আহ্বান করা সম্ভব হয়নি বলে সভায় জানানো হয়।
রোডম্যাপ তৈরির তাগিদ
সম্প্রতি মন্ত্রণালয়ের সভায় প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে আগাম কর্মপরিকল্পনা ও রোডম্যাপ তৈরির তাগিদ দেওয়া হয়েছে।
প্রকল্পের আওতায় মেশিনারি, যন্ত্রপাতি, আসবাবপত্র ও অফিস সরঞ্জাম কেনার বিষয়েও প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি প্রকল্পের সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব—আরডিপিপি দ্রুত মন্ত্রণালয়ে পাঠানোর কথা বলা হয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পক্ষ থেকেও প্রকল্পের অগ্রগতি নিয়মিতভাবে ইপিএমআইএস সফটওয়্যারে হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।
জামদানি বাংলাদেশের ঐতিহ্যবাহী ও জিআই স্বীকৃত পণ্য। শিল্পটির গবেষণা, নকশা উন্নয়ন, প্রদর্শন, বিপণন ও সংরক্ষণে আধুনিক অবকাঠামো গড়ে তুলতেই নেওয়া হয়েছে জামদানি ভিলেজ প্রকল্প। তবে বর্তমান বাস্তবায়ন অগ্রগতিতে নির্ধারিত ২০২৭ সালের জুনের মধ্যে ৩২ কোটি ৫০ লাখ টাকার প্রকল্পটি শেষ করা যাবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!