নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ১ হাজার ৫০০ টাকা। আর এক কেজি বা তার বেশি ওজনের ইলিশের দাম ২ হাজার ২০০ টাকা পর্যন্ত। ফলে ইলিশের স্বাদ নিতে চাইলেও বাড়তি দামের কারণে অনেক ক্রেতাকেই ফিরতে হচ্ছে খালি হাতে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর উত্তর বাড্ডা ও মধ্য বাড্ডা কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১ হাজার ৫০০ টাকা দরে। সে হিসাবে একটি মাছ কিনতেই ক্রেতাকে গুনতে হচ্ছে প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩৫০ টাকা। অন্যদিকে এক কেজি বা তার বেশি ওজনের ইলিশের দাম কেজিতে ২ হাজার ২০০ টাকা। অর্থাৎ বড় আকারের একটি ইলিশ কিনতে খরচ হচ্ছে দুই হাজার টাকার বেশি।
ক্রেতারা বলছেন, ইলিশের বর্তমান দাম তাদের নাগালের বাইরে চলে গেছে। পরিবারের জন্য একটি ইলিশ কিনলে বাজারের অন্য প্রয়োজনীয় পণ্যের খরচে টান পড়ছে। তাই দাম কমার আশায় অনেকে মাছ না কিনেই বাজার থেকে ফিরে যাচ্ছেন।
উত্তর বাড্ডা বাজারে ইলিশ কিনতে আসা রমজান আলী বলেন, “ইলিশের দাম অনেক বেশি। ৮০০-৯০০ গ্রামের মাছও দেড় হাজার টাকা কেজি। একটি মাছ কিনতেই প্রায় ১ হাজার ৩০০ টাকা চলে যাচ্ছে। এই দামে নিয়মিত ইলিশ কেনা সম্ভব না।”
মধ্য বাড্ডার ক্রেতা ইলিয়াস বলেন, “এক কেজির ইলিশ ২ হাজার ২০০ টাকা কেজি। একটি মাছ কিনতে দুই হাজার টাকার বেশি লাগে। সংসারের অন্য খরচ আছে। তাই ইচ্ছা থাকলেও ইলিশ কিনতে পারছি না।”
আরেক ক্রেতা মো. সাব্বির বলেন, “ইলিশ বাঙালির পছন্দের মাছ। কিন্তু দাম যদি সাধারণ মানুষের নাগালের মধ্যে না থাকে, তাহলে মানুষ কীভাবে কিনবে? দাম কিছুটা কমলে হয়তো কিনতে পারতাম।”
বিক্রেতারাও বলছেন, বাড়তি দামের প্রভাব পড়েছে বিক্রিতে। অনেক ক্রেতা বাজারে এসে দাম জিজ্ঞেস করেই চলে যাচ্ছেন। কেউ কেউ বড় ইলিশের পরিবর্তে তুলনামূলক ছোট মাছ খুঁজছেন।
মধ্য বাড্ডার বিক্রেতা হারু দাস বলেন, “দাম বেশি হওয়ায় বিক্রি আগের মতো নেই। ক্রেতারা এসে দাম জিজ্ঞেস করছেন, এরপর অনেকে আর কিনছেন না। ৮০০-৯০০ গ্রামের মাছও দেড় হাজার টাকা কেজি হওয়ায় সাধারণ ক্রেতার জন্য চাপ হয়ে যাচ্ছে।”
উত্তর বাড্ডার বিক্রেতা মো. মিজান বলেন, “এক কেজির ওপরের ইলিশ ২ হাজার ২০০ টাকা কেজি। বড় মাছের দাম শুনে অনেকে ছোট মাছ খুঁজছেন।”
এদিকে বাজারে দেশি ইলিশের পাশাপাশি ভারত থেকে আমদানি করা ইলিশও রয়েছে। তবে কয়েকজন ক্রেতা জানিয়েছেন, দেশি ইলিশের তুলনায় ভারতীয় ইলিশের স্বাদ ও মান তাদের কাছে কম মনে হওয়ায় তারা আমদানি করা ইলিশ কিনতে আগ্রহী নন। কিন্তু দেশি ইলিশের দামও নাগালের বাইরে হওয়ায় পছন্দের মাছ কিনতে পারছেন না তারা।
ক্রেতা মো. সিদ্দিকুর বলেন, “দেশি ইলিশের স্বাদ ভালো। ভারত থেকে আসা ইলিশ খেয়ে তেমন ভালো লাগেনি। তাই দেশি ইলিশই নিতে চাই। কিন্তু দেশি ইলিশের দাম এত বেশি যে চাইলেও কেনা যাচ্ছে না।”
সব মিলিয়ে বাজারে ইলিশের চড়া দামে ক্ষোভ ক্রেতাদের মধ্যে। তাদের ভাষ্য, ৮০০-৯০০ গ্রামের ইলিশের কেজি ১ হাজার ৫০০ টাকা এবং এক কেজির বেশি ওজনের মাছ ২ হাজার ২০০ টাকা হলে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের জন্য নিয়মিত ইলিশ কেনা কঠিন। ফলে পছন্দের এই মাছটি এখন অনেকের কাছেই হয়ে উঠেছে সাধের, কিন্তু সাধ্যের বাইরে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!