নিজস্ব প্রতিবেদক: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলীয় ও দ্বীপরাষ্ট্রসহ জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলো যে বহুমাত্রিক ও অস্তিত্বগত হুমকির মুখে পড়ছে, তা মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘ সদর দপ্তরের কনফারেন্স রুম-৪-এ বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘High-level Meeting to Address the Existential Threats Posed by Sea-Level Rise’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।
বক্তব্যে প্রধানমন্ত্রী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর সৃষ্ট বহুমুখী সংকটের কথা তুলে ধরেন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ন্যায়সংগত অর্থায়ন, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর অস্তিত্ব রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে আয়োজিত এ উচ্চপর্যায়ের বৈঠকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি: অস্তিত্বের সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!