নিজস্ব প্রতিবেদক:উপকূলীয় অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা, কার্যকর পদক্ষেপ ও দৃঢ় রাজনৈতিক অঙ্গীকারের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনসহ ৪২টি নাগরিক ও সামাজিক সংগঠন।

শুক্রবার খুলনার পাইকগাছা ও সাতক্ষীরার তালায় আয়োজিত সাইকেল র্যালি ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
‘নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক মাসব্যাপী প্রচারাভিযানের অংশ হিসেবে পাইকগাছার মাহমুদকাটীর অনির্বাণ লাইব্রেরি প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে হরিঢালী মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে সাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি পাইকগাছার কপিলমুনি, কাশিমনগর হয়ে সাতক্ষীরার তালা উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ সুরক্ষার বিষয়ে প্রচার চালানো হয়।

সচেতন সংস্থার সভাপতি বিদ্যুৎ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র।
তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই। উপকূলীয় অঞ্চলে এ খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে কার্যকর উদ্যোগ নিতে হবে। রামপাল ও মাতারবাড়ীর মতো বিদ্যুৎ প্রকল্পের বিদ্যমান জমি কাজে লাগিয়ে বড় পরিসরে সৌরবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। পাশাপাশি উপকূলের বেড়িবাঁধ ও বিস্তীর্ণ চরাঞ্চলও সৌরবিদ্যুৎ প্রকল্পের আওতায় আনা যেতে পারে। এসব বিষয়ে দ্রুত সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের দাবি জানান তিনি।
সমাবেশে বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানি বায়ুমণ্ডল উত্তপ্ত করার পাশাপাশি বায়ুদূষণও বাড়াচ্ছে। দূষণের কারণে সোলার প্যানেলে ধুলার স্তর জমে এর কার্যক্ষমতা কমে যায়। ফলে দূষণ কমানো গেলে একদিকে পরিবেশ সুরক্ষা হবে, অন্যদিকে সোলার প্যানেলের কার্যকারিতা ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়বে।

তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানি এখন শুধু পরিবেশ রক্ষার বিষয় নয়; এটি দেশের জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক স্বনির্ভরতা ও সার্বভৌমত্বের সঙ্গেও জড়িত। আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার ঝুঁকি কমাতে নিজেদের জ্বালানি নিজেদের উৎপাদনের সক্ষমতা বাড়াতে হবে।

বক্তারা নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সুস্পষ্ট পথনকশা, কার্যকর পদক্ষেপ এবং রাজনৈতিক অঙ্গীকারের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে এ পরিবর্তনে সরকার, নাগরিক সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
সমাবেশে আরও বক্তব্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষক সমীরণ দে, অনির্বাণ লাইব্রেরির সহ-সভাপতি বাসুদেব রায় ও মানিক ভদ্র, উন্নয়নকর্মী এস এম আফজাল হোসেন এবং পরিবেশকর্মী শহিদুল ইসলামসহ অনেকে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!