নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার দুপুরে সচিবালয়ে জ্বালানি তেলের মূল্য সমন্বয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অব্যাহতভাবে বাড়ছে। একই সঙ্গে বাড়ছে বিমা প্রিমিয়াম ও জাহাজ ভাড়াও। ফলে বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না।
দাম বাড়ানোর কারণে জনগণের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এমন সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন। জনগণের জীবনমানের কষ্ট লাঘবের লক্ষ্যেই তিনি রাজনীতিতে এসেছেন। একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই সিদ্ধান্তে জনগণের কী ধরনের কষ্ট হবে, তা তিনি উপলব্ধি করেন।
তিনি আরও বলেন, সরকার নিরুপায় না হলে এমন অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে চাইত না। তবে চলমান সংকট দ্রুত কেটে যাবে বলে আশা প্রকাশ করে প্রতিমন্ত্রী জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে জ্বালানি তেলের দাম আবার সমন্বয় করে আগের পর্যায়ে বা তার চেয়েও কমিয়ে আনার চেষ্টা করা হবে।
জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!