নিজস্ব প্রতিবেদক:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) আইফোন ছিনিয়ে নিতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তুহিন, ফাহাদ ও কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সিয়াম নামে আরও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এসব তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ১৮ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে সোয়া ২টার মধ্যে তুহিন অপ্রতিমকে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার পাহাড়ঘেরা নির্জন জঙ্গলে নিয়ে যায়। পরে অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর ফুটেজ বিশ্লেষণ করে তুহিনকে হেফাজতে নেওয়া হয়।

জিজ্ঞাসাবাদে তুহিন স্বীকার করে, অপ্রতিমের আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফাহাদ ও পরে কামরুলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ঘটনার দিন বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে আইফোন ছিনিয়ে নেওয়ার সময় অপ্রতিম বাধা দিলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় ফাহাদ ও কামরুল বাঁশের শক্ত লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় উপর্যুপরি আঘাত করে। পরে তার মৃত্যু নিশ্চিত হলে আইফোনটি নিয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ সুপার জানান, তুহিন প্রথমে আইফোনের অবস্থান নিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তার বাসার তোশকের নিচ থেকে আইফোনটি উদ্ধার করা হয়।
তিনি বলেন, “ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করেছি, মূল আসামিকে গ্রেপ্তার করেছি এবং যে আইফোনটির কারণে হত্যাকাণ্ড, সেই আইফোনটিও আসামির দেখানো মতে তার বাসা থেকে উদ্ধার করেছি।”
পুলিশ সুপার আরও জানান, অপ্রতিমের বয়স ১৩ বছর। মামলার অন্যতম আসামি সাইফুল ইসলাম তুহিনের বয়স ১৯ বছর। সে কুমিল্লা সিটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ার সময় ২০২৫ সালে ড্রপআউট হয়।
হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ সুপার। তদন্ত শেষ করে দ্রুত আদালতে পুলিশ প্রতিবেদন বা চার্জশিট দাখিলের কথাও জানিয়েছেন তিনি।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!