নিজস্ব প্রতিবেদক :মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে বাংলাদেশি কর্মী পাঠানোর বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি। তবে বাজার খোলার আগে মাত্র ২৫টি রিক্রুটিং এজেন্সিকে সুযোগ না দিয়ে তালিকাভুক্ত ৩১২টিসহ সব বৈধ এজেন্সিকে সমান সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ—বায়রার একাংশ।
তাদের আশঙ্কা, গুটিকয়েক এজেন্সির হাতে শ্রমবাজারের নিয়ন্ত্রণ থাকলে অতীতের মতো অনিয়ম, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও একচেটিয়া ব্যবসার অভিযোগ আবারও সামনে আসতে পারে। এর আগে মালয়েশিয়ার ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম—এফডব্লিউসিএমএসে বাংলাদেশি কর্মী পাঠানোর জন্য ২৫টি এজেন্সির
তালিকা প্রকাশ করা হয়। পরে আরও ৩১২টি এজেন্সিকে ‘অ্যাসোসিয়েট রিক্রুটিং এজেন্সি’ হিসেবে তালিকাভুক্ত করা হয়।
বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে স্মারকলিপি দেয় বায়রার একাংশ। এতে ৩১২টি এজেন্সিসহ সব বৈধ রিক্রুটিং এজেন্সিকে সমান সুযোগ দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে প্রত্যেক এজেন্সিকে নিজস্ব এফডব্লিউসিএমএস আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে সরাসরি কর্মী পাঠানোর সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে।
বায়রার নেতাদের অভিযোগ, অর্থের বিনিময়ে গুটিকয়েক এজেন্সিকে শ্রমবাজারের নিয়ন্ত্রণ দেওয়ার চেষ্টা হলে নতুন করে সিন্ডিকেট তৈরি হতে পারে। এমনকি কর্মীদের মেডিকেল পরীক্ষার ব্যবস্থাকেও সিন্ডিকেটের নিয়ন্ত্রণে নেওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি তাদের। ২৫ এজেন্সির তালিকা প্রকাশের পর বায়রার একাংশ একই ধরনের উদ্বেগ প্রকাশ করে আসছে।
বায়রার দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সচিব মোখতার আহমেদ জানিয়েছেন, বৈধ সব এজেন্সির সমান সুযোগ এবং শ্রমবাজারে স্বচ্ছতা নিশ্চিতের বিষয়টি মন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
তবে সচিব স্পষ্ট করেছেন, মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে কর্মী পাঠানোর বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।
সংশ্লিষ্টদের মতে, মালয়েশিয়ার শ্রমবাজারে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা নিশ্চিত করা না গেলে কর্মীদের অভিবাসন ব্যয় কমানো এবং দীর্ঘমেয়াদে বাজারে শৃঙ্খলা ফেরানো কঠিন হতে পারে। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া ও ২৫ এজেন্সির তালিকা নিয়ে এরই মধ্যে বিভিন্ন মহলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
মালয়েশিয়ার শ্রমবাজারে ২৫ এজেন্সির নিয়ন্ত্রণ নিয়ে বায়রার উদ্বেগ
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!