নিজস্ব প্রতিবেদক : শিল্পকারখানায় গ্যাস সরবরাহ আজ থেকেই দেড় মাস আগের অবস্থায় ফিরে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী নেতা ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যবসায়ী নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে প্রায় তিন ঘণ্টার মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠকে ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক একটি উপস্থাপনা তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
গ্যাস সংকটের কারণ
বর্তমান গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে দুর্ঘটনার কারণে সরবরাহ ব্যাহত হয়েছিল। এতে শিল্পকারখানাসহ বিভিন্ন খাতে প্রভাব পড়ে। তবে দুর্ঘটনাজনিত সমস্যা এরই মধ্যে সমাধান করা হয়েছে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আজ সন্ধ্যা থেকেই গ্যাস সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরে যাবে।
ঘাটতি মোকাবিলায় তৃতীয় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগের কথাও জানান তিনি। জিটুজি ভিত্তিতে নতুন টার্মিনাল স্থাপনের প্রস্তুতি প্রায় শেষ হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দ্রুতই এর কাজ শুরু হবে। সরকারের আশা, ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারবে।
‘ছয় মাস বা এক বছরে সংকট পুরোপুরি সমাধান সম্ভব নয়’
বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকটকে ‘উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্যা’ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ সংকট ছয় মাস বা এক বছরের মধ্যে পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। তবে সরকার সমস্যাগুলো চিহ্নিত করে পরিকল্পনা তৈরি করেছে এবং এখন সেগুলো বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।
সরকার কোন কাজ কখন শেষ করতে চায়, তার একটি সম্ভাব্য সময়সীমাও ব্যবসায়ী নেতাদের সামনে তুলে ধরা হয়। পরিকল্পনা বাস্তবায়নে সময় কিছুটা এদিক-সেদিক হতে পারে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের সামনে সুনির্দিষ্ট পরিকল্পনা ও সময়সীমা রয়েছে।
ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
ব্যবসায়ী সম্প্রদায়ের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসা ও শিল্পখাত ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব পুরো অর্থনীতিতে পড়ে। তাই জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার সমাধান শুধু ব্যবসায়ীদের স্বার্থের বিষয় নয়, এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সম্পর্কিত।
২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছার লক্ষ্য অর্জনে নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
বর্তমান সংকট নিয়ে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার সমস্যাগুলো আড়াল না করে খোলামেলাভাবে তুলে ধরেছে এবং কীভাবে এগুলোর সমাধান করতে চায়, সেটিও জানিয়েছে। পরিকল্পনাগুলো বাস্তবায়নে ব্যবসায়ী সম্প্রদায়ের সহযোগিতা চান তিনি।
দেশে অস্থিতিশীলতা তৈরি হলে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও সতর্ক করেন প্রধানমন্ত্রী। যে সরকারই দায়িত্বে থাকুক, তাকে পরিকল্পিত কাজগুলো সম্পন্ন করার সুযোগ দেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
গণমাধ্যমের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের উদ্দেশ্য ও পরিকল্পনা গণমাধ্যমের কাছে পরিষ্কারভাবে তুলে ধরা প্রয়োজন। তা না হলে বিচ্ছিন্ন তথ্য থেকে বিভ্রান্তি তৈরি হতে পারে। সরকারের পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা পেলে গণমাধ্যম তা সঠিকভাবে দেশবাসীর সামনে তুলে ধরতে পারবে।
জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা
বৈঠকে বিদ্যুৎ সংকট মোকাবিলায় পাঁচটি টার্মিনাল নির্মাণসহ দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, ১৬ বছরের পুঞ্জীভূত সংকট দ্রুত সমাধান সম্ভব নয়। গ্যাস, বিদ্যুৎ ও কয়লার সমন্বিত ব্যবহারের মাধ্যমে উৎপাদনমুখী ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়েছে। পাশাপাশি সৌরশক্তিকে বিশেষ অগ্রাধিকার দেয়া হবে।
তিনি বলেন, সামনের দিনগুলোতে দেশের বিদ্যুৎ খাত আরও বৈচিত্র্যময় হবে এবং জ্বালানি সম্পদে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাবে বাংলাদেশ।
‘আগের অবস্থায় ফিরবে গ্যাস-বিদ্যুৎ’
বৈঠক শেষে এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন, নতুন করে যে সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে আগের অবস্থায় ফিরে যাওয়া সম্ভব হবে। এটিই বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি ও স্বস্তির খবর।
‘আগের অবস্থা’ বলতে কোন সময়ের পরিস্থিতি বোঝানো হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগস্টে সংকট ঘনীভূত হওয়ার আগের অবস্থার কথা বলা হয়েছে।
ফজলুল হক বলেন, শুধু ব্যবসা-বাণিজ্য নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষই জ্বালানি সংকটে কমবেশি ভুগছে। প্রধানমন্ত্রী আগামীকাল রাত থেকেই গ্যাস-বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন।
বৈঠকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা, সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতারা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!