নিজস্ব প্রতিবেদক : ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৬: প্রযুক্তি যত আধুনিক হচ্ছে, অপরাধের ধরনও তত বদলে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিপফেক ও এনক্রিপটেড যোগাযোগের মতো প্রযুক্তি ব্যবহার করে বাড়ছে প্রতারণা, তথ্য চুরি, হ্যাকিং ও ডিজিটাল চাঁদাবাজি। এই পরিস্থিতিতে সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের দক্ষতা ও তদন্ত সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন আইজিপি মো. আলী হোসেন ফকির।
রোববার সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে সাইবার অপরাধ মামলা তদন্তবিষয়ক ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ (টিওটি) কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, প্রযুক্তির অগ্রগতি একদিকে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে তৈরি করেছে নতুন চ্যালেঞ্জ। অপরাধীরা প্রযুক্তির অপব্যবহার করে সাইবারভিত্তিক প্রতারণা, অনলাইন আর্থিক অপরাধ, তথ্য চুরি, হ্যাকিং, অনলাইন হয়রানি ও ডিজিটাল চাঁদাবাজির মতো অপরাধ করছে।
তিনি বলেন, ক্রমবর্ধমান সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশিংয়ের প্রচলিত ধরনেও পরিবর্তন আনতে হবে। আধুনিক পুলিশিংয়ে সাইবার অপরাধ তদন্তের সক্ষমতা অর্জন এখন সময়ের দাবি।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে আইজিপি বলেন, এই কোর্সের মাধ্যমে কর্মকর্তারা শুধু প্রযুক্তিগত দক্ষতা অর্জন করবেন না, প্রশিক্ষণ দেওয়া ও যোগাযোগের দক্ষতাও অর্জন করবেন। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ের অন্য তদন্তকারীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
তিনি বলেন, প্রশিক্ষিত কর্মকর্তারা কার্যকরভাবে অন্য তদন্তকারীদের প্রশিক্ষণ দিতে পারলে সাইবার মামলা তদন্তে দক্ষ পুলিশের সংখ্যা বহুগুণ বাড়ানো সম্ভব হবে।
সাইবার অপরাধ তদন্তে ধারাবাহিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে আইজিপি বলেন, নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের পাশাপাশি প্রশিক্ষণ উপকরণ ও মডিউল সময়ের সঙ্গে হালনাগাদ করতে হবে।
পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর (অতিরিক্ত আইজি) কাজী মো. ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিআইডি প্রধান (অতিরিক্ত আইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। স্বাগত বক্তব্য দেন ডিআইজি (ট্রেনিং) মো. একরামুল হাবিব।
অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং-২) ড. মোছা. শেহেলা পারভীন সাইবার অপরাধ তদন্ত প্রশিক্ষণের রোডম্যাপ ও বাস্তবায়ন কৌশল উপস্থাপন করেন। এ সময় পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের অনুষদ সদস্য ও রিসোর্স পার্সনরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে কাজী মো. ফজলুল করিম বলেন, বাংলাদেশ পুলিশের এপেক্স ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে পুলিশ স্টাফ কলেজ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাইবার অপরাধ মোকাবিলায় এ প্রশিক্ষণ পুলিশ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
পুলিশ হেডকোয়ার্টার্সের ট্রেনিং শাখার উদ্যোগে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ দশ দিনের এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। পর্যায়ক্রমে টিওটি কোর্সে অংশ নেওয়া ৩৩২ জন পুলিশ কর্মকর্তা মাঠপর্যায়ের সাইবার অপরাধ মামলা তদন্তকারীদের প্রশিক্ষণ দেবেন।
সাইবার অপরাধ ঠেকাতে পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!