রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | ৭ অগ্রহায়ণ ১৪৩৩ | ১১ জমাদিউস সানী ১৪৪৮ ☀️ ঢাকা ২৯°সে
📢 ৭২৮ x ৯০ বিজ্ঞাপন স্থান (এখানে আপনার বিজ্ঞাপন দিন)
🔴 শিরোনাম
জাতীয়

উচ্চ শুল্কে রপ্তানিতে ‘অ্যান্টি-এক্সপোর্ট বায়াস’, দ্রুত ট্যারিফ সংস্কারের তাগিদ

উচ্চ শুল্কে রপ্তানিতে ‘অ্যান্টি-এক্সপোর্ট বায়াস’, দ্রুত ট্যারিফ সংস্কারের তাগিদ

নিজস্ব প্রতিবেদক:২০২৯ সালের মধ্যে আরডি-এসডি কমানোর পরামর্শ | এফটিএ করতে বর্তমান শুল্ক কাঠামো বড় বাধা | সংস্কার না করলে অর্থনীতিতে ব্যয় বাড়বে
নিজস্ব প্রতিবেদক
উচ্চ শুল্ক ও সুরক্ষা কাঠামোর কারণে বাংলাদেশের রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাকের বাইরে অন্যান্য পণ্যের রপ্তানি, প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বলে মন্তব্য করেছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)। প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের মতে, উচ্চ শুল্কের আড়ালে গড়ে ওঠা অভ্যন্তরীণ বাজার রপ্তানিমুখী উৎপাদনের পরিবর্তে আমদানি-নির্ভর ও সুরক্ষিত বাজারকে উৎসাহিত করছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দ্রুত ও কার্যকর ট্যারিফ সংস্কারের প্রয়োজন।
‘বাংলাদেশ ট্রেড পলিসি অ্যাট আ ক্রসরোডস’ শীর্ষক মন্তব্যে পিআরআই চেয়ারম্যান বলেন, বাংলাদেশে বিদ্যমান শুল্ক ও সুরক্ষা ব্যবস্থা রপ্তানির ক্ষেত্রে একটি ‘অ্যান্টি-এক্সপোর্ট বায়াস’ তৈরি করেছে। বিশেষ করে তৈরি পোশাক খাতের বাইরে রপ্তানিকারকদের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে গিয়ে বড় ধরনের সমস্যায় পড়তে হচ্ছে।
তিনি বলেন, বিদ্যমান ট্যারিফ কাঠামোর কারণে দেশীয় বাজারে অনেক পণ্যের দাম আন্তর্জাতিক বাজারের তুলনায় বেশি। অথচ রপ্তানিকারকদের আন্তর্জাতিক বাজারে এমন দামে পণ্য বিক্রি করতে হয়, যার ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। ফলে দেশে উৎপাদন ও রপ্তানির মধ্যে বড় ধরনের বৈষম্য তৈরি হচ্ছে।
পিআরআই চেয়ারম্যানের বিশ্লেষণে বলা হয়, শুধু বাণিজ্য-ওজনভিত্তিক সুরক্ষা হার বিবেচনা করলে প্রকৃত সুরক্ষার চিত্র পাওয়া যায় না। পণ্যের ধরন ও দেশের ভিত্তিতে পৃথকভাবে শুল্ক বিশ্লেষণ করা প্রয়োজন। তার হিসাবে, ২০২৭ অর্থবছরে বাংলাদেশের গড় নামমাত্র সুরক্ষা হার (NPR) প্রায় ২৮ শতাংশ, যার প্রায় অর্ধেকই প্যারা-ট্যারিফ থেকে আসছে। অন্যদিকে গড় বাণিজ্য করের হার প্রায় ৫৫ শতাংশ।
২০২৯ সালের মধ্যে আরডি-এসডি কমানোর তাগিদ
ট্যারিফ যৌক্তিকীকরণের অংশ হিসেবে ধীরে ধীরে রেগুলেটরি ডিউটি (RD) ও সাপ্লিমেন্টারি ডিউটি (SD) কমিয়ে আনার পরামর্শ দেওয়া হয়েছে। পিআরআইয়ের মতে, ২০২৯ সালের মধ্যে এসব অতিরিক্ত শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো প্রয়োজন।
প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে আরডি পুরোপুরি প্রত্যাহার এবং ২০ শতাংশের বেশি এসডি কমিয়ে আনার কথা বলা হয়েছে। তবে অটোমোবাইল, আগ্নেয়াস্ত্র ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে ব্যতিক্রম রাখার প্রস্তাব রয়েছে। দ্বিতীয় ধাপে ২০২৯ সালের মধ্যে কাস্টমস ডিউটি (CD) ধীরে ধীরে ১৫ শতাংশে নামিয়ে আনা এবং এসডি ১০ শতাংশে এনে পুরোপুরি বাণিজ্য-নিরপেক্ষ করার কথা বলা হয়েছে।
পিআরআই বলছে, বর্তমানে প্যারা-ট্যারিফ ব্যবস্থা দেশের সুরক্ষা কাঠামোর একটি বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। প্রকৃতপক্ষে মোট সুরক্ষার প্রায় অর্ধেকই রেগুলেটরি ও সাপ্লিমেন্টারি ডিউটির মাধ্যমে আসছে।
মধ্যবর্তী পণ্যে শুল্ক কমালেই হবে না
মধ্যবর্তী পণ্যের (intermediate goods) ওপর শুল্ক কমানোর প্রস্তাবকে স্বাগত জানালেও পিআরআই সতর্ক করেছে, শুধু ইনপুটের শুল্ক কমালে কাঙ্ক্ষিত ফল নাও আসতে পারে। এতে কার্যকর সুরক্ষা হার আরও বেড়ে গিয়ে তৈরি পোশাকের বাইরে অন্যান্য রপ্তানি খাতে ‘অ্যান্টি-এক্সপোর্ট বায়াস’ আরও তীব্র হতে পারে।
তাই মধ্যবর্তী পণ্যের শুল্ক কমানোর পাশাপাশি উৎপাদিত পণ্যের ওপরও সামঞ্জস্যপূর্ণ হারে শুল্ক কমানোর প্রয়োজন রয়েছে বলে মত দিয়েছে প্রতিষ্ঠানটি।
কর অব্যাহতি যৌক্তিক করার পরামর্শ
শুল্ক তালিকা থেকে কাস্টমস ট্যাক্স এক্সপেন্ডিচারের মাধ্যমে দেওয়া বিভিন্ন ছাড় ও অব্যাহতি যৌক্তিক করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
পিআরআইয়ের হিসাবে, সুরক্ষামূলক এমএফএন (MFN) আউটপুট শুল্কের গড় হার প্রায় ৪২ শতাংশ, যেখানে এমএফএন ইনপুট শুল্কের গড় হার প্রায় ১৭ শতাংশ। এই বড় ব্যবধানই উল্লেখযোগ্য মাত্রায় সুরক্ষা দিচ্ছে।
প্রতিষ্ঠানটির মতে, মূলধনী যন্ত্রপাতি ছাড়া বিভিন্ন শিল্প ও উপখাতে দেওয়া অধিকাংশ এন্ড-ইউজার কনসেশন বা বিশেষ ছাড় পর্যায়ক্রমে বিলুপ্ত করা যেতে পারে। এর পাশাপাশি মধ্যবর্তী পণ্যের শুল্কও পরিমিতভাবে কমানোর সুপারিশ করা হয়েছে।
সংস্কার না করলে ক্ষতি বাড়বে
পিআরআই বলছে, ট্যারিফ সংস্কারে স্বল্পমেয়াদে রাজস্ব কমার আশঙ্কা থাকলেও অর্থনীতিতে এর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ইতিবাচক প্রভাব রাজস্ব ক্ষতি পুষিয়ে দিতে পারে। অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লে বৃহত্তর অর্থনীতি থেকে নতুন রাজস্ব আহরণ সম্ভব হবে।
প্রতিষ্ঠানটির বিশ্লেষণে বলা হয়, ১৯৯০-এর দশকের গভীর শুল্ক সংস্কারের অভিজ্ঞতাও দেখায় যে, দীর্ঘমেয়াদে কাস্টমস রাজস্বে উল্লেখযোগ্য পতন ঘটেনি।
এ কারণে ‘কিছু না করাই ব্যয়বহুল হবে, আর সংস্কার নিজেই নিজের খরচ পুষিয়ে দেবে’—এমন অবস্থান তুলে ধরা হয়েছে।
এফটিএ এখনো ‘মরীচিকা’
বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) করার সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে পিআরআই। বর্তমান শুল্ক কাঠামো বহাল রেখে বাংলাদেশের পক্ষে কার্যকর এফটিএ করা কঠিন হবে বলে মন্তব্য করা হয়েছে।
বিশেষ করে ভুটানের সঙ্গে এফটিএ করা সম্ভব না হলে অন্যান্য দেশের সঙ্গেও এ ধরনের চুক্তি করা কতটা বাস্তবসম্মত—সে প্রশ্ন তোলা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এফটিএ করার ক্ষেত্রেও বর্তমান কাঠামো পরিবর্তন না করলে জটিলতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
পিআরআইয়ের মতে, ভিয়েতনাম ও ভারতের মতো প্রতিযোগী দেশগুলো ইতোমধ্যে বিভিন্ন বাণিজ্য চুক্তির মাধ্যমে এগিয়ে যাচ্ছে। ফলে বাংলাদেশের জন্য ট্যারিফ সংস্কার এখন কেবল রাজস্ব বা আমদানি ব্যবস্থাপনার বিষয় নয়; বরং আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখার গুরুত্বপূর্ণ শর্ত।
এলডিসি উত্তরণের প্রস্তুতিতে দ্রুত বাস্তবায়ন প্রয়োজন
পিআরআই আরও বলেছে, ২০২৩ সালের ন্যাশনাল ট্যারিফ পলিসি (NTP) এবং ২০২৭ অর্থবছরের বাজেটে যেসব ট্যারিফ সংস্কারের প্রস্তাব রয়েছে, সেগুলো এখনো প্রতিশ্রুতির তুলনায় যথেষ্ট নয়। এলডিসি উত্তরণের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এসব সংস্কার দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।
তাদের প্রশ্ন—সংস্কারের বিষয়গুলো এখনো কেন শুধু প্রস্তাবের পর্যায়ে আটকে থাকবে?
ট্যারিফ সংস্কারের সম্ভাব্য প্রভাব যাচাই করতে TRIST ও GTAP মডেল ব্যবহার করে বিভিন্ন পরিস্থিতি বা সিমুলেশন করারও পরামর্শ দিয়েছে পিআরআই। এসব মডেলের মাধ্যমে রাজস্ব, উৎপাদন, আমদানি, রপ্তানি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সংস্কারের সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করা যেতে পারে।
পিআরআইয়ের মূল বার্তা—ট্যারিফ সংস্কার বিলম্বিত করলে অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ব্যয় বাড়বে। আর সময়োপযোগী সংস্কার বাস্তবায়ন করতে পারলে তা শুধু রাজস্ব নয়, উৎপাদন, বিনিয়োগ ও রপ্তানি বহুমুখীকরণেও ইতিবাচক ভূমিকা রাখবে।

📢 বিজ্ঞাপন In-Article Ad

এই সংবাদের বিষয়ে আপনার প্রতিক্রিয়া:

⬅️
পূর্ববর্তী সংবাদকুরআন সুন্নাহ বিরোধী সম্পত্তি হস্তা...
পরবর্তী সংবাদভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অ...
➡️
স

সুপার এডমিন (Chief Editor)

বিশেষ সংবাদদাতা, GreenNews24

পাঠকদের মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!

সম্পর্কিত আরও সংবাদ