ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ‘জাতীয় সিরাত সেমিনার ও ডাকসু ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।
অনুষ্ঠানে ডাকসু ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার কুরআন, হাদিস ও সিরাত—এই তিন ক্যাটাগরিতে বিজয়ী ৩০ জন শিক্ষার্থীর হাতে মোট দেড় লাখ টাকা নগদ পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি, সাহিত্যিক ও গবেষক শায়খ মুসা আল হাফিজ, মসজিদুত তাকওয়ার খতিব হাফেজ মুফতি সাইফুল ইসলাম, সাবিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর মো. মোখতার আহমদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক।
আলোচকরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ শুধু ধর্মীয় অনুশাসনের মধ্যে সীমাবদ্ধ নয়; ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনেও ন্যায়, সাম্য, মানবিকতা, সহনশীলতা ও দায়িত্বশীলতার গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে।
তারা বলেন, জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলির বিকাশ শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশের জন্য অপরিহার্য। কুরআন, হাদিস ও সিরাত বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ ও প্রতিভাকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণ প্রজন্মের মধ্যে এসব মূল্যবোধ ছড়িয়ে দিতে সিরাতচর্চা আরও বিস্তৃত করার ওপরও গুরুত্ব দেন তারা।
সভাপতির বক্তব্যে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একাডেমিক জ্ঞান অর্জনের জায়গা নয়; এটি জ্ঞান, সংস্কৃতি, মূল্যবোধ ও নেতৃত্ব বিকাশেরও অন্যতম প্রধান কেন্দ্র। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলি বিকশিত করাও আমাদের দায়িত্ব।
তিনি বলেন, সিরাতচর্চার মাধ্যমে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি ও সমাজজীবনে তা বাস্তবায়নের চেষ্টা করতে হবে। শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশে ডাকসু বিভিন্ন সৃজনশীল ও জ্ঞানভিত্তিক কার্যক্রম আয়োজন করছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডাকসু কার্যনির্বাহী সদস্য ও জাতীয় সিরাত প্রতিযোগিতার কনভেনর হাফেজ তাজিনুর রহমান। তিনি বলেন, ‘পবিত্র কোরআন, হাদিস ও সিরাতের আলোয় শিক্ষার্থীদের জীবন আলোকিত করতেই ডাকসুর ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার আয়োজন। আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে একটি সুসংগঠিত, ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখা।’
ঢাকা বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ফজলে রাব্বী সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইকবাল হায়দার, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জসিম উদ্দীন খান (খান জসিম), ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জাতীয় সিরাত সেমিনার ও ডাকসু ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!