বিশেষ প্রতিনিধি: বহুল প্রতীক্ষিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত ৩.১৭ কিলোমিটার দীর্ঘ দুই লেনবিশিষ্ট দুটি সার্ভিস সেতু যানবাহন চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার ধউর এলাকায় ফিতা কেটে সেতুগুলোর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম। উদ্বোধনের পরপরই সেতুগুলোতে যান চলাচল শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সেতুমন্ত্রী বলেন, "দীর্ঘ প্রতীক্ষার পর দেশের দীর্ঘতম ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ চালু হলো। গত ছয় মাসে কাজ দ্রুত এগিয়ে নেওয়ার ফলেই এটি সম্ভব হয়েছে।" আগামী বছরের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, সিএমসি প্রেসিডেন্ট কিউ আই ই এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রউফ বক্তব্য দেন।
প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, তুরাগ নদের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে আশুলিয়া বাজার থেকে ধউর বেড়িবাঁধ পর্যন্ত বিদ্যমান সড়কটি অপসারণ করা হচ্ছে। ফলে যানবাহন চালকরা কোনো প্রকার টোল ছাড়াই সার্ভিস লেন ব্যবহার করে সহজে তুরাগ নদ অতিক্রম করতে পারবেন।
উল্লেখ্য, ২০২২ সালের ১২ নভেম্বর ২৪ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হয়। চলতি বছরের জুলাই পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রায় ৭২ শতাংশে পৌঁছেছে। দ্বিতীয় সংশোধিত প্রকল্প অনুযায়ী এর নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৫ কোটি ৬৭ লাখ টাকা। এতে উন্নত ড্রেনেজ ব্যবস্থা, ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন, বিমানবন্দরের থার্ড টার্মিনালের সংযোগ এবং দৃষ্টিনন্দন ট্রাম্পেট ইন্টারচেঞ্জ অন্তর্ভুক্ত করা হয়েছে।
সার্ভিস সেতুটি চালুর মাধ্যমে এলাকার দীর্ঘদিনের তীব্র যানজট ও ভোগান্তির নিরসন হওয়ায় স্থানীয় বাসিন্দা ও চালকদের মাঝে স্বস্তি দেখা গেছে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!