চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার অভিনেতা আশরাফুল হক ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের ইন্সপেক্টর মজিবুর রহমান ডনের সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়।
রিমান্ড আবেদনের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য ছিল। এদিন ডনকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।
অন্যদিকে ডনের পক্ষে ঢাকা বারের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও অ্যাডভোকেট ফরিদুল ইসলাম রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। প্রয়োজনে কারাফটকে জিজ্ঞাসাবাদেরও আবেদন জানান তারা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশরাফুল হক ডনকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয় এবং ওইদিনই কারাগারে পাঠানো হয়।
গত ১২ আগস্ট ঢাকার সিএমএম আদালত তার জামিন আবেদন নাকচ করেন। এরপর মঙ্গলবার মহানগর দায়রা জজ আদালতেও তার জামিন আবেদন নামঞ্জুর হয়।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!