বলিউডের নবাব পরিবারের সদস্য তিনি। মা শর্মিলা ঠাকুর, ভাই সাইফ আলী খান ও বোন সোহা আলী খান—অভিনয়জগতে তিনজনই পরিচিত মুখ। তবে পরিবারের অন্য সদস্যদের মতো আলোচনায় থাকতে পছন্দ করেন না সাবা আলী খান পতৌদি। বয়স ৫০ পেরোলেও এখনো অবিবাহিত তিনি। কেন বিয়ের সিদ্ধান্ত নেননি, সম্প্রতি সেই কারণই জানিয়েছেন সাবা।

নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির সঙ্গে এক আলাপচারিতায় ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন সাবা। জানান, জীবনে কখনো প্রথম প্রেমিকও ছিল না তাঁর। তবে ১৮-১৯ বছর বয়স থেকেই পরিবার ও পরিচিতজনদের মাধ্যমে বিয়ের প্রস্তাব আসতে শুরু করে।

এমনকি ১৯ বছর বয়সে কলকাতার এক ব্যক্তির সঙ্গে বিয়ের কথাও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু তখনো মানসিকভাবে প্রস্তুত ছিলেন না তিনি। তাই শেষ পর্যন্ত সেই সম্পর্ক আর বিয়েতে গড়ায়নি।
পরবর্তী সময়ে জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে আপত্তি ছিল না সাবার। কিন্তু মনের মতো কাউকে খুঁজে পাননি। তাঁর ভাষায়, এমন কাউকে পাওয়া যায়নি, যার সঙ্গে মানসিকতা ও জীবনযাপনের সত্যিকারের মিল রয়েছে।
জীবনসঙ্গী নির্বাচনে বাবা মনসুর আলী খান পতৌদির প্রভাবের কথাও স্বীকার করেছেন সাবা। ভারতের সাবেক এই ক্রিকেট অধিনায়ক ছিলেন তাঁর কাছে ব্যক্তিত্ব, বিনয় ও দায়িত্বশীলতার অনন্য উদাহরণ। তবে বাবার মতো কাউকে খোঁজার বিষয়টি সরাসরি নয়, বরং তাঁর কাছ থেকে পাওয়া মূল্যবোধই জীবনসঙ্গী নির্বাচনে প্রভাব ফেলেছে বলে জানান তিনি।
সাবার কাছে সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধা, যত্ন ও বন্ধুত্ব। শুধু রোমান্টিক আকর্ষণ নয়, এমন একজন মানুষ চান, যাঁর সঙ্গে মন খুলে কথা বলা যায় এবং যিনি তাঁর স্বাধীনতাকে সম্মান করবেন।
অবিবাহিত থাকাকে অবশ্য নিজের সচেতন সিদ্ধান্ত মনে করেন না সাবা। বিয়ের ইচ্ছা থাকলেও শুধু সামাজিক প্রত্যাশা পূরণে কিংবা বিয়ে করার জন্য বিয়ে করতে চান না তিনি। তাঁর মতে, সম্পর্কে দুজনের সমান সম্মান, যত্ন ও বিশ্বাস থাকা জরুরি।
১৯৭৬ সালের ১ মে নয়াদিল্লিতে জন্ম সাবা আলী খানের। অভিনয়জগতের পরিবর্তে বেছে নিয়েছেন ভিন্ন পেশা। তিনি একজন জুয়েলারি ডিজাইনার। পাশাপাশি ট্যারো কার্ড রিডার ও আধ্যাত্মিক পরামর্শদাতা হিসেবেও কাজ করেন। ভোপালের ঐতিহ্যবাহী পতৌদি পরিবারের দাতব্য সম্পত্তি ও তহবিল পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘আউকাফ-ই-শাহি’র প্রধান ট্রাস্টি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

সব মিলিয়ে, নবাব পরিবারের পরিচিতির বাইরে নিজের মতো করে জীবন গড়েছেন সাবা। তাঁর কাছে বিয়ের চেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কের গভীরতা, পারস্পরিক সম্মান আর মানসিক বোঝাপড়া।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!