নিজস্ব প্রতিবেদক:গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধসহ বিভিন্ন দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ১১ দলীয় ঐক্য। একই সঙ্গে জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জোটের নেতারা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে এই লংমার্চের আয়োজন করা হয়েছে। এর আগে চট্টগ্রাম ও উত্তরাঞ্চলে দুটি লংমার্চ অনুষ্ঠিত হয়েছে। এর ধারাবাহিকতায় ৩১ অক্টোবর তৃতীয় দফার কর্মসূচি পালন করা হবে।
মামুনুল হক বলেন, আগামী ৩১ অক্টোবর সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে লংমার্চ শুরু হবে। বিভিন্ন স্থানে কর্মসূচি পালনের পর কুষ্টিয়ায় গিয়ে তা শেষ হবে। আগের কর্মসূচিগুলোর মতো এবারও সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে লংমার্চ সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যকারিতা নিশ্চিত করা এবং জুলাই গণহত্যা, শাপলা গণহত্যা, শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডসহ সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিও কর্মসূচিতে তুলে ধরা হবে।
### প্রয়োজনে কঠোর কর্মসূচি
১১ দলীয় ঐক্য আপাতত সহনশীল কর্মসূচির মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করছে উল্লেখ করে মামুনুল হক বলেন, সংসদের ভেতরে ও বাইরে সরকারকে সহযোগিতার মনোভাব নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করছেন তারা। তবে সরকারের আচরণে বিরোধী দলের সহযোগিতা নেওয়ার আন্তরিকতা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, জনগণের ইচ্ছা ও প্রত্যাশা অনুধাবন করে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে অধিকার আদায়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে।
### নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হবে কি না, তা নিয়ে ১১ দলীয় ঐক্যের উদ্বেগ রয়েছে বলে জানান মামুনুল হক। নির্বাচন কমিশনের সচিব পর্যায়ে দলীয় বিবেচনায় নিয়োগের অভিযোগ তুলে তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন সৃষ্টি করেছে। ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে কমিশনের ভূমিকা নিয়েও তাদের উদ্বেগ রয়েছে।
তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটলে ১১ দলীয় ঐক্য নীরব থাকবে না। প্রয়োজনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে।
### আইজিপির বক্তব্যের সমালোচনা
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে মামুনুল হক বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা ক্রসফায়ারসংক্রান্ত বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক। আইনশৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ দায়িত্বে থাকা একজন কর্মকর্তার কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয়।
এ বিষয়ে দেশবাসী হতভম্ব ও স্তম্ভিত বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
### রাষ্ট্রীয় সফর নিয়ে প্রশ্ন
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক রাষ্ট্রীয় সফর প্রসঙ্গে মামুনুল হক বলেন, সফরে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের রাষ্ট্রীয় প্রতিনিধিত্বের উপযুক্ততা নিয়ে প্রশ্ন রয়েছে। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরকে বিনোদনমূলক সফরে পরিণত করার মতো আয়োজন দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে সরকারকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
সংসদের আসন্ন চতুর্থ অধিবেশন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকার বিরোধী দলকে সঙ্গে নিয়ে ঐকমত্যের ভিত্তিতে সমাধানের পথে এগোবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। অধিবেশনের আগে ১১ দলীয় ঐক্যের নেতারা আবার বৈঠক করে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।
### লংমার্চে বাধা এলে প্রতিহতের ঘোষণা
লংমার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান মামুনুল হক। তার দাবি, কর্মসূচিতে বাধা বা অপতৎপরতা সৃষ্টি করা হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।
তবে কোনো পক্ষ অপতৎপরতা চালালে তা প্রতিহত করে লংমার্চ সফল করার ঘোষণা দেন তিনি।
গোপালগঞ্জের ওপর দিয়ে গাড়িবহর যাওয়ার সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা আছে কি না, এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, তারা এ ধরনের কোনো পরিস্থিতির আশঙ্কা করছেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকলে কর্মসূচি স্বাভাবিকভাবে পালন করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
গোপালগঞ্জে বিপুলসংখ্যক ইসলামপন্থী ও দেশপ্রেমিক মানুষ লংমার্চে অংশ নেবেন উল্লেখ করে তিনি বলেন, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপতৎপরতা দেখা দিলে তা মোকাবিলায় তারা প্রস্তুত। কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় সরকার ও প্রশাসনকে বহন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
### রাষ্ট্র সংস্কার ও আধিপত্যবাদ মোকাবিলার কথা
ভারতের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে মামুনুল হক বলেন, যারা অভিযোগ করছেন, তারাই এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন। ১১ দলীয় ঐক্য কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের অংশ নয় বলেও দাবি করেন তিনি।
তার ভাষ্য, রাষ্ট্র সংস্কার, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা, আধিপত্যবাদ মোকাবিলা এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রীয় কাঠামো নির্ধারণের লক্ষ্যেই তারা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ১১ দলীয় ঐক্যের পরিসর আরও বিস্তৃত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ব্রিফিংয়ে লংমার্চের কর্মসূচির স্থান নির্ধারণ নিয়েও আলোচনা হয়। মামুনুল হক জানান, কয়েকটি স্থানের সুযোগ-সুবিধা, স্থান সংকুলান ও প্রবেশপথ বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!