নিজস্ব প্রতিবেদক: আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। জাতীয় নির্বাচনে নিজেদের ভুলত্রুটি ও দুর্বলতা পর্যালোচনা করে এবার সতর্কতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা থামব না, আমাদের থামার সুযোগ নেই। সামনে সিটি নির্বাচনে আমাদের সর্বোচ্চ দিয়ে ও দিনরাত এক করে কাজ করতে হবে।” জাতীয় নির্বাচনের ভুলগুলো পর্যালোচনা করা হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, সেসব অভিজ্ঞতা কাজে লাগালে এবার একই ভুলের পুনরাবৃত্তি হবে না।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জনগণ তাঁদের ভোট দিলেও তা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে তাঁরা মনে করেন। ভোট দিয়েও তা রক্ষা করতে না পারার বিষয়ে জনগণের প্রশ্নের মুখে নিজেদের দুর্বলতার কথা স্বীকার করতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে নির্বাচনে নিজেদের ভুলত্রুটি চিহ্নিত করে ভবিষ্যতে সেগুলো সংশোধনের ওপর গুরুত্ব দেন।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যাঁদের প্রার্থী করা হয়েছে, তাঁদের মধ্যে আল্লাহর দেওয়া জ্ঞানের বড় নিয়ামত রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো চোরকে আর ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “এই দেশের জনগণই ঠিক করবে, দেশ কারা পরিচালনা করবে।” সমাজ পরিবর্তনের জন্য নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাঁরা আর বসে বসে তামাশা দেখবেন না; সংগতভাবেই প্রতিবাদ করবেন এবং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তুলবেন।
দেশ পরিচালনায় কোরআনের ভিত্তি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে জামায়াত আমির আসন্ন নির্বাচনে সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য রুকনদের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, বরং এটি একটি মান ও দায়িত্ব। রুকনদের নৈতিকতা, আত্মিক মান ও দায়িত্বশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সংগঠনের সদস্যদের মান যত শক্তিশালী হবে, সংগঠনও তত শক্তিশালী হবে। আসন্ন মেয়র ও কাউন্সিলর নির্বাচনে কার্যকর ভূমিকা রাখার জন্যও তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, রুকন সংখ্যা বৃদ্ধির পাশাপাশি সদস্যদের মান, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বাড়াতে হবে। আস্থাভাজন নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে শক্তিশালী সংগঠন প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তিনি।
সম্মেলনে ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে তৈরি ‘নাগরিক সেবা’ নামের একটি অ্যাপ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। আয়োজকদের দাবি, অ্যাপটিতে নাগরিকদের জন্য ৫০টিরও বেশি সেবামূলক সুবিধা থাকবে।
এর আগে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত সম্মেলনের নির্বাচনী অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে ২০২৭-২০২৮ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ভোট দেন রুকনরা। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, নির্বাচনে ১৩ হাজারের বেশি সদস্য ভোট দেন। পরে সকাল ১১টা থেকে শুরু হয় সাংগঠনিক অধিবেশন।
ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগরীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন ও নুরুল ইসলাম বুলবুল এমপি।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!