নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ সতর্কবার্তা দেন কমিটির সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আগামী ২৯ অক্টোবরের উপনির্বাচনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মতো ‘ইঞ্জিনিয়ারিং’ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তাঁরা খবর পাচ্ছেন।
হামিদুর রহমান আযাদ বলেন, এ ধরনের কিছু ঘটলে সরকারকে মাগুরার নির্বাচন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাচ্ছেন তাঁরা। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে মাগুরার নির্বাচন একটি কালো অধ্যায় উল্লেখ করে তিনি বলেন, ওই নির্বাচনকে কেন্দ্র করেই সরকার পতনের আন্দোলন গড়ে উঠেছিল এবং তা চূড়ান্ত রূপ নিয়েছিল।
তিনি আরও বলেন, মাগুরার নির্বাচনের পুনরাবৃত্তি তাঁরা চান না। তাই ‘মাগুরা মার্কা’ নির্বাচন করার কোনো পরিকল্পনা থাকলে তা থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
ব্রিফিংয়ে ১১ দলীয় ঐক্যের এই নেতা বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে তাঁদের আন্দোলন চলছে।এ ছাড়া প্রশাসনে দলীয়করণ বন্ধ এবং মেধার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করার দাবিও জানান তিনি।আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়ামুখী লংমার্চের ঘোষণা দিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, কর্মসূচি হবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। এ কর্মসূচিতে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য সরকার ও প্রশাসনকে আগাম ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
লংমার্চে জননিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকার ও প্রশাসনের উল্লেখ করে তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি পালনে প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করে ১১ দলীয় ঐক্য।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!