নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত ১১ দলীয় ঐক্য আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়ামুখী লংমার্চ করবে। এতে প্রায় এক হাজার গাড়ির বহর অংশ নেবে বলে জানিয়েছেন জোটের নেতারা।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান কমিটির সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনে দলীয়করণ বন্ধের দাবিতে তাদের আন্দোলন চলছে।
দুর্নীতি বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, দুর্নীতি দমন কমিশন ও মানবাধিকার কমিশনের পাশাপাশি গুম-খুন প্রতিরোধে স্বাধীন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তাঁরা।
প্রশাসনে দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, পিএসসির সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। মেধার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতির পরিবর্তে দলীয় বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব পদমর্যাদায় শামসুল আলমের নিয়োগকে দলীয়করণের উদাহরণ হিসেবে উল্লেখ করেন এই নেতা।
ঠাকুরগাঁও উপনির্বাচন নিয়ে শঙ্কা
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে জনসমর্থন তৈরি হয়েছে দাবি করে হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচনকে প্রভাবিত করার বা ‘ইঞ্জিনিয়ারিং’ করার প্রস্তুতির খবর তাঁরা পাচ্ছেন।
এ ধরনের ঘটনা ঘটলে সরকারকে অতীতের মাগুরা নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মাগুরার মতো নির্বাচনের পুনরাবৃত্তি তাঁরা চান না বলেও মন্তব্য করেন।
যেভাবে হবে লংমার্চ
জোটের ঘোষণা অনুযায়ী, ৩১ অক্টোবর সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে লংমার্চের উদ্বোধনী সমাবেশ হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ১১ দলের শীর্ষ নেতারাও এতে বক্তব্য দেবেন।
সকাল ৮টায় মাওয়া সড়ক হয়ে পদ্মা সেতু পার হয়ে লংমার্চের বহর শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুরের ভাঙ্গা, গোপালগঞ্জ, বাগেরহাটের ফকিরহাট ও খুলনা হয়ে যশোর ও ঝিনাইদহ পেরিয়ে কুষ্টিয়ায় পৌঁছাবে। সেখানে কুষ্টিয়া জিলা স্কুল মাঠে রাত সাড়ে ৮টায় সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পথে শরীয়তপুরের জাজিরার নাওডোবা, বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়, খুলনার বাবরী চত্বর ও ফুলতলার স্বাধীনতা চত্বর, যশোরের মুড়লীর মোড় এবং ঝিনাইদহ বাস টার্মিনালে পথসভা হবে বলে জানানো হয়েছে। লংমার্চে গণমাধ্যমকর্মী, চিকিৎসক, শিল্পী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যদের অংশ নেওয়ার কথা রয়েছে।
শান্তিপূর্ণ কর্মসূচির আহ্বান
৩১ অক্টোবরের কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও জনবান্ধব হবে উল্লেখ করে হামিদুর রহমান আযাদ বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকার ও প্রশাসনের দায়িত্ব। কর্মসূচিতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য আগাম ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রশাসনকে জনগণের পক্ষে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে তাঁরা প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেন।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!