নিজস্ব প্রতিবেদক:নিজের একসময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে গিয়ে শিক্ষার্থীদের দেশ গড়ার কাজে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, দেশকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য করে তুলতে তরুণ প্রজন্মকে দায়িত্ব নিতে হবে।
আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি পরিবেশ পরিচ্ছন্ন রাখা, বায়ুদূষণ রোধ এবং বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শুধু সরকারের একার পক্ষে দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা সম্ভব নয়। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তোমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে ২৪-এর আন্দোলন সফল করেছিলে। এটা কি কোনো একক দল করেছিল? সবাই মিলে করেছিল, তাই না?’
প্রধানমন্ত্রী বলেন, তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব, তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। তবে আন্দোলনের মধ্যেই দায়িত্ব শেষ নয়; দেশ পুনর্গঠন এবং সুন্দর বাংলাদেশ গড়তেও তরুণদের এগিয়ে আসতে হবে।
রাজধানীর বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ঢাকার বাতাস ক্রমেই দূষিত হচ্ছে। এতে বিশেষ করে শিশুরা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, দেশকে পরিচ্ছন্ন ও সবুজ করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তবে এসব উদ্যোগ সফল করতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ জরুরি।
বক্তব্যের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের কাছে আমার দুটি আবেদন—দেশকে পরিষ্কার রাখবে এবং বেশি বেশি গাছ লাগাবে। এটা তোমাদেরই দেশ, এর দায়িত্বও তোমাদের।’
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!