উল্টো পথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জমান মিল্লাতের ব্যবহৃত গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৮ মিনিটে রাজধানীর সার্কিট হাউস রোডে এ ঘটনা ঘটে। ট্রাফিক বিভাগের এক শীর্ষ কর্মকর্তা জানান, মন্ত্রীর পতাকাবাহী গাড়িটি উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাফিক পুলিশ গাড়িটি থামিয়ে দেয়।
গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-২১২৫। গাড়িটি ছিল রেঞ্জ রোভার। চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়েছে। একই ঘটনায় দুটি মামলায় তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
ট্রাফিক পুলিশ জানায়, উল্টো পথে গাড়ি চালানো ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক আইনের লঙ্ঘন। এ সময় পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর বহরও সচিবালয়ের দিকে যাচ্ছিল।
খোঁজ নিয়ে জানা যায়, গাড়িতে মন্ত্রী রশিদুজ্জমান মিল্লাতও ছিলেন।
ট্রাফিক কর্মকর্তারা বলছেন, কোনো মন্ত্রীর গাড়ি উল্টো পথে চলার ঘটনায় মামলা হওয়ার ঘটনা দেশে এই প্রথম। অতীতেও যানজট এড়াতে বা দ্রুত গন্তব্যে পৌঁছাতে মন্ত্রীদের গাড়ি উল্টো পথে চলার ঘটনা গণমাধ্যমে এলেও মামলা হওয়ার নজির ছিল না।
ঘটনাটি জানাজানি হওয়ার পর সচিবালয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী নিজেই ট্রাফিক আইন মেনে চলাচল করছেন। যানজটের মধ্যেও তাঁর বহর ট্রাফিক সিগন্যাল মেনে চলছে। সেখানে মন্ত্রী বা সচিবের গাড়ি উল্টো পথে চলার ঘটনা শীর্ষ কর্মকর্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হয়ে থাকবে।
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!