নিজস্ব প্রতিবেদক
ইসলামের নীতি-আদর্শে নিজেদের গুণান্বিত করতে পারলে তাদের মাধ্যমেই রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীর শাহবাগের ঐতিহাসিক শহীদ ওসমান হাদী চত্বরে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পীর সাহেব চরমোনাই বলেন, ছাত্রজীবন নিজেকে গড়ে তোলার শ্রেষ্ঠ সময়। এ সময়কে কাজে লাগিয়ে জ্ঞান, দক্ষতা, নৈতিকতা, চরিত্র ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে। দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন থাকলেও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি আদর্শভিত্তিক ছাত্র সংগঠন। সংগঠনটির কর্মীদের নীতি, নৈতিকতা ও আদর্শ ধারণ করে সমাজে ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করতে হবে।
পীর সাহেব চরমোনাই আরও বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শুধু একটি ছাত্র সংগঠন নয়; এটি আদর্শিক নেতৃত্ব তৈরির প্রশিক্ষণকেন্দ্র। এখান থেকে এমন নেতৃত্ব তৈরি করতে হবে, যারা সততা, ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ ধারণ করে ভবিষ্যতে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সরকারকে গণভোটের প্রথা প্রতিষ্ঠা এবং জুলাই সনদের অঙ্গীকার পূরণের আহ্বান জানান।
তিনি বলেন, সরকার যদি জুলাই সনদের অঙ্গীকার পূরণে ব্যর্থ হয়, তাহলে দেশের জনগণ তাদের কোনোভাবেই ক্ষমা করবে না। রাষ্ট্র পরিচালনায় জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি জবাবদিহি ও জনসম্পৃক্ততা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও সাবেক নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক ছাত্র-জনতা অংশ নেন।
সমাবেশে বক্তারা মাদক, সন্ত্রাস, দুর্নীতি, অশ্লীলতা ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে ছাত্রসমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষা, গবেষণা, দক্ষতা অর্জন, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ইসলামের নীতি-আদর্শে গুণান্বিত হলে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে: পীর সাহেব চরমোনাই
এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যটি করুন!